২২ অক্টো, ২০২৬

ইশরাকের পদত্যাগে সংবিধান লঙ্ঘন হয়নি: অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত 
প্রধানমন্ত্রী যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন এবং ইশরাকের পদত্যাগ সংবিধান অনুযায়ী সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাঁর মতে, এ ঘটনায় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। ইশরাকও নিয়ম মেনেই পদত্যাগ করেছেন। এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

তিনি আরও বলেন, ইশরাক পদত্যাগ করতে অস্বীকৃতি জানালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তাঁকে পদত্যাগ করানোর জন্য অনুরোধ জানাতে পারতেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ধরনের পদক্ষেপও সাংবিধানিক বিধানের আওতাভুক্ত।

সরকারের সিদ্ধান্ত গ্রহণ ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, একটি সরকার যখন সুশাসন প্রতিষ্ঠায় উদ্যোগী হয়, তখন কাকে দায়িত্বে রাখা হবে আর কাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, তা সরকারের নিজস্ব বিবেচনার বিষয়।

মহেশপুর উপজেলা ডাকবাংলোয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।


বিডি ল' পোস্ট/মাসুম

সূত্র: ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট, ২০ অক্টোবর ২০২৬



শেয়ার করুন

0 coment rios: