৬ অক্টো, ২০২৬

বিচারকদের ‘জুডিশিয়াল লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণে মনোনয়ন

ছবি: সংগৃহীত 
নারীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার আরও কার্যকর করা, কমিউনিটি পর্যায়ে বিরোধ নিষ্পত্তি এবং মামলা ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে বিচারকদের জন্য দুই দিনব্যাপী ‘জুডিশিয়াল লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে এবং জিআইজেডের কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন: স্ট্রেংদেনিং কমিউনিটি ডিসপিউট রেজোলিউশন অ্যান্ড ইমপ্রুভিং কেস ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

৫ অক্টোবর ২০২৬ তারিখের আইন ও বিচার বিভাগের এক চিঠিতে জানানো হয়, আগামী ৭ ও ৮ অক্টোবর ২০২৬ রাজধানীর ব্র্যাক সেন্টার ইন, মহাখালী, ঢাকা-তে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বিভিন্ন পর্যায়ের মোট ২২ জন বিচারককে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনীতদের মধ্যে ঢাকা, খুলনা, নরসিংদী, রংপুর, কুমিল্লা, মৌলভীবাজার ও বরিশাল জেলার জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা লিগ্যাল এইড অফিসার/চিফ লিগ্যাল এইড অফিসার রয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিচারকদের এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রশিক্ষণে জুডিশিয়াল লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, কমিউনিটি পর্যায়ে বিরোধ নিষ্পত্তি এবং মামলা ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের যাবতীয় ব্যয় আয়োজক প্রতিষ্ঠান জিআইজেড বহন করবে। ফলে এ প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই।

প্রশিক্ষণ-সংক্রান্ত প্রয়োজনীয় যোগাযোগের জন্য অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন প্রকল্পের অ্যাডভাইজার মো. আরিফুল ইসলাম-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মনোনীত কর্মকর্তাদের যথাসময়ে প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


সূত্র: আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ৫ অক্টোবর ২০২৬ তারিখের পত্র।
বিডিএলপিবি/এমএম


শেয়ার করুন

0 coment rios: