১৮ অক্টো, ২০২৬

অন্যান্য ব্যক্তির মতো শিশুদেরও ইন্টারনেট ব্যবহার ও এতে প্রবেশের মৌলিক অধিকার রয়েছে: ভারতের সুপ্রিম কোর্ট

 ছবি: সংগৃহীত 
বিচারপতি জামশেদ বুরজোর পারদিওয়ালা ও বিচারপতি বিনোদ কে. চন্দ্রনের বেঞ্চ এক আদেশে বলেন, সংবিধানের ২১ অনুচ্ছেদ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির ইন্টারনেটে প্রবেশ ও তা ব্যবহারের অধিকার একটি মৌলিক অধিকার।

আদালত বলেন, বয়স যাই হোক, শিশুরাও একই অধিকার ভোগ করে। নির্দিষ্ট বয়সের নিচে শিশুদের এসব অধিকার পুরোপুরি অস্বীকার করা যেমন অযৌক্তিক, তেমনি তাদের বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতার মূল্য নেই—এমন ধারণাও গ্রহণযোগ্য নয়।

আদালতের আদেশে বলা হয়, “আমাদের শিশুদের নিরাপত্তা ও তাদের স্বাধীনতা পরস্পরবিরোধী নয়। আমাদের শিশুরা উভয়টিরই অধিকারী।”

অনলাইনে শিশুদের যৌন শোষণ ও নির্যাতনসংক্রান্ত উপাদান (সিএসইএএম) মোকাবিলায় অনলাইন প্ল্যাটফর্ম ও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগে একটি বেসরকারি সংস্থার করা আবেদনের শুনানিতে আদালত এসব পর্যবেক্ষণ দেন।

শিশুদের যৌন শোষণ ও নির্যাতনসংক্রান্ত উপাদান শনাক্ত ও অপসারণে অনলাইন প্ল্যাটফর্মগুলো কী ধরনের প্রযুক্তিগত ব্যবস্থা ও সরঞ্জাম ব্যবহার করছে, সে বিষয়ে সরকারের কাছ থেকেও বিস্তারিত তথ্য চেয়েছেন আদালত।

আদালত কেন্দ্রীয় সরকারকে শিশু যৌন শোষণ ও নির্যাতনসংক্রান্ত উপাদান শনাক্ত ও অপসারণের জন্য একটি ‘ন্যাশনাল হ্যাশ অ্যান্ড ইউআরএল লিস্ট’ ডাটাবেস তৈরির নির্দেশ দেন।

একই সঙ্গে আদালত বলেন, ডিজিটাল নিরাপত্তা এবং বয়স-উপযোগী যৌন শিক্ষা শিক্ষাব্যবস্থার মূল পাঠ্যক্রমের অংশ হওয়া উচিত।

বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপের উদ্যোগের মধ্যে ভারতের সুপ্রিম কোর্টের এ আদেশ এলো।

চলতি বছর ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে বয়সভিত্তিক নীতির প্রস্তাব দিয়েছিলেন। তার মতে, কম বয়সী ব্যবহারকারীরা অতিরিক্ত ও আসক্তিমূলক ব্যবহার এবং ক্ষতিকর কনটেন্টের প্রতি বেশি ঝুঁকিপূর্ণ।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতে ডিজিটাল ব্যবহার দ্রুত বেড়েছে। অনলাইন পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটিসটার তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর পর্যন্ত ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪০ কোটি ৩০ লাখের বেশি, যা বিশ্বে সর্বোচ্চ। ইউটিউব ব্যবহারকারীর সংখ্যার দিক থেকেও ভারত শীর্ষে রয়েছে।


সূত্র: দ্য হিন্দু

বিডি ল' পোস্ট/মাসুম


শেয়ার করুন

0 coment rios: