২৮ জুল, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত 
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এস কে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিনের আদালত এই রায় দেন।

এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। পরে ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

উল্লখ্য, মামলার নথি থেকে জানা যায়, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুর চৌধুরী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের জন্য নোটিশ দিয়েছিল দুদক। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেই বিবরণী জমা দেননি। এরপর ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


বিডিএলপিবি/এমএম

সোর্স: আমার দেশ অনলাইন 

রাজধানীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণ-হত্যা, ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণ-হত্যা, ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত 
প্রেমিকাকে চার দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামিম আশরাফ মনিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. মনিরুজ্জামানের আদালতে ভিকটিমের বড় বোন রাজিয়া সুলতানা এই মামলা দায়ের করেন।  

এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। মামলার অপর দুই আসামি হলেন—নামিমের বাবা আশরাফউদ্দিন ও মা শাহনাজ বেগম। বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান এসব তথ্য নিশ্চিত করেন।  

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ভিকটিম সাদিয়া ইযাসফিয়া মেকাপ আর্টিস্টের কাজ করতেন। ১ নম্বর আসামি নামিম আশরাফ ফটোগ্রাফার সঙ্গে ২০২৪ সালে শুটিংয়ে সাদিয়ার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু নামিম ভিকটিমকে বিয়ের কথা বলে ঘোরাতে থাকেন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিভিন্ন সময়ে মনমালিন্য হয়। 

বাদী আরও অভিযোগ করেন, গত ১০ জুন রাতে নামিম ভুক্তভোগী সাদিয়াকে ডেকে নিয়ে আদাবরের শেখেরটেক-১২ নম্বর রোডের একটি ভবনের ২য় তলায় তার নিজস্ব ফটো স্টুডিও ফ্ল্যাটে নিয়ে যান। কিন্তু নামিম ভিকটিমকে বান্ধবীর বাসায় আছেন বলে পরিবারকে জানাতে বাধ্য করেন। 

বাদীর অভিযোগ, আসামি নামিম ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত আদাবরের স্টুডিওতে ভিকটিমকে আটকে রেখে অনবরত ধর্ষণ করেন এবং ১৪ জুন হত্যা করেন। পরে আসামি নামিম নিজেকে বাঁচাতে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারণা চালান। এ ঘটনায় পুলিশের সুরতাল প্রতিবেদনে ভিকটিমের শরীরের বিভিন্নস্থানে আঘাত ও ধর্ষণের আলামত পেয়েছে বলেও জানান বাদী।


বিডিএলপিবি/এমএম
সোর্স: বাংলা ট্রিবিউন

২৭ জুল, ২০২৬

বেরোবি'র সাবেক উপাচার্য কলিমউল্লাহর জামিননামা দাখিল, কারামুক্তিতে বাধা নেই

বেরোবি'র সাবেক উপাচার্য কলিমউল্লাহর জামিননামা দাখিল, কারামুক্তিতে বাধা নেই

ছবি: সংগৃহীত 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের মামলায় সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর জামিননামা দাখিল করা হয়েছে। এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্ত পূরণ করায় তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

সোমবার (২৭ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালত শুনানি শেষে এক লাখ টাকার মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিননামা দাখিলের অনুমতি দেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামির হাজিরার জন্য দিন নির্ধারিত ছিল। সেই অনুযায়ী কারাগার থেকে নাজমুল আহসান কলিমউল্লাহকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন।

কলিমউল্লাহর আইনজীবী মহসিন রেজা ও মহিমা বাঁধন জানান, গত ১৪ জুন উচ্চ আদালত তাঁকে জামিন দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী এক লাখ টাকার মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিননামা দাখিল করা হয়েছে। তাঁদের ভাষ্য, অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা আটকের প্রয়োজন না থাকলে নাজমুল আহসান কলিমউল্লাহর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই দিনই জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে একই বছরের ২৭ আগস্ট আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজে অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৮ জুন নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর।


বিডিএলপিবি/এমএম

সোর্স: ইত্তেফাক 

নিরাপত্তা শঙ্কা নিয়ে করা মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

নিরাপত্তা শঙ্কা নিয়ে করা মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

পিয়া জান্নাতুল|ছবি: সংগৃহীত 
নিরাপত্তা চেয়ে আইনজীবী ও আলোচিত মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া ওরফে পিয়া জান্নাতুলের করা সাধারণ ডায়েরির (জিডি) বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোস্তফা কামাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার জিডির তদন্তের বিষয়ে অনুমতির শুনানির সময় পিয়া জান্নাতুল সশরীরে আদালতে উপস্থিত ছিলেন। আদালত শুনানি শেষে বনানী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ৮ জুলাই পিয়া জান্নাতুল বনানী থানায় সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, অতীতে বা বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত নন এবং তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।

জিডিতে তিনি দাবি করেন, সম্প্রতি এক নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে হুমকি, ভয়ভীতি ও আপত্তিকর বার্তা পাচ্ছেন। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে একাধিক হুমকিমূলক ফোনকলও এসেছে বলে অভিযোগ করেন।

তিনি আরও উল্লেখ করেন, গত প্রায় তিন মাস ধরে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে বলে তার সন্দেহ হয়েছে। এসব ঘটনার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি সুরক্ষা চেয়ে সাধারণ ডায়েরিতে আবেদন করেন পিয়া জান্নাতুল।


বিডিএলপিবি/এমএম
সোর্স: বিডিনিউজ ২৪

উচ্চ আদালতের জামিন আদেশ দ্রুত পাঠাতে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

উচ্চ আদালতের জামিন আদেশ দ্রুত পাঠাতে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

ছবি: ফইল
উচ্চ আদালতের (হাইকোর্ট ও আপিল বিভাগ) জামিন আদেশ দ্রুততম সময়ে অধস্তন আদালত ও কারাগারে পাঠানোর জন্য নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই লক্ষ্যে আগামী সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সাইয়েদ মোহাম্মদ তাজরুল হোসাইনের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেছেন। গঠিত কমিটিকে আগামী ২০ আগস্টের মধ্যে নীতিমালা নির্ধারণে করণীয় সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন ও অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ। 

এর আগে সুপ্রিম কোর্টের ৫ জন এবং নিম্ন আদালতের ২ জন আইনজীবী জনস্বার্থে এ রিট আবেদনটি দায়ের করেন। রিট আবেদনকারী আইনজীবীরা হলেন— মো. মিজানুল হক, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ আবদুল ওয়াদুদ, আবদুল্লাহ সাদিক, যায়েদ বিন আমজাদ, সাব্বির আহমেদ ও মাহমুদুল হাসান।

শুনানিতে আবেদনকারীদের পক্ষ থেকে ভারতীয় সুপ্রিম কোর্টে অনুসৃত একটি পদ্ধতির উদাহরণ তুলে ধরা হয়। এতে বলা হয়, ভারতে উচ্চ আদালতের জামিন আদেশ দ্রুত অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা চালু রয়েছে, যা বিচারপ্রার্থীদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে।

শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সাত দিনের মধ্যে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ওই কমিটিকে আগামী ২০ আগস্টের মধ্যে জামিন আদেশ দ্রুত প্রেরণের নীতিমালা প্রণয়নে প্রয়োজনীয় করণীয় বিষয়ে প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

শুনানি শেষে আইনজীবী শিশির মনির বলেন, একজন মানুষের আজকে জামিন হচ্ছে, কিন্তু সেই আদেশ নিম্ন আদালতে পৌঁছাতে ১৫ দিন থেকে এক মাস সময় লেগে যাচ্ছে। প্রশ্ন হলো, যার জামিন হয়ে গেছে তিনি এই মধ্যবর্তী সময়ে কোন আইনবলে জেলে আছেন? জামিন হওয়ার মুহূর্ত থেকেই তো তা কার্যকর হওয়ার কথা।  এই রিটের আদেশের ফলে বর্তমান সিস্টেমের উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বিডিএলপিবি/এমএম

রাজধানীর বাসাবাড়ির ময়লা অপসারণে ফি আদায় বন্ধে রিট

রাজধানীর বাসাবাড়ির ময়লা অপসারণে ফি আদায় বন্ধে রিট

বাংলাদেশ সুপ্রিম কোর্ট|ছবি: সংগৃহীত 
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নিতে ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। তিনি এ বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও যুক্ত করেছেন।

রিটআইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান সংবাদমাধ্যমকে এবং সোশ্যাল মিডিয়ায় বলেন, সিটি কর্পোরেশন বাসাবাড়ি থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করে। সেখানে বর্জ্য সরানো, হস্তান্তরসহ কয়েকটি খাত রয়েছে। হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে ময়লা অপসারণ হিসেবে একবার ফি নেওয়া হচ্ছে। এ কারণে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশন প্রতি মাসে টাকা নিতে পারে না। এটি বেআইনি। তিনি জানান, কর্পোরেশনের বাসাবাড়ি থেকে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি বা চার্জ আদায় বন্ধে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

এর আগে, সিটি কর্পোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ময়লার বিল উত্তোলন বন্ধ চেয়ে গত ১০ জুন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর পৃথক আবেদন দেন এই আইনজীবী। এতে ফল না পেয়ে চলতি মাসে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বরাবর আইনি নোটিশ পাঠান। এতে দৃশ্যমান ফল না পেয়ে রিট দায়ের করেন বলে জানান আবেদনকারী।


বিডিএলপিবি/এমএম

জুলাই গণহত্যা : ফেরদৌস-শাওনসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণহত্যা : ফেরদৌস-শাওনসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

ছবি: সংগৃহীত 
চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের অভিযোগ দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) নামে একটি সংগঠন।

রোববার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস।

অভিযুক্ত অন্যরা হলেন- চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী, সোমা ইসলাম ও সাংবাদিক আনিস আলমগীর।
 
অভিযোগে বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত রয়েছেন এসব তারকারা। এসব অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে এ অভিযোগ দাখিল করেছি।

এ বিষয়ে সাংবাদিকদের আয়াস বলেন, বরাবরের মতোই জুলাই গণ–অভ্যুত্থানকে কটাক্ষ করছেন শান্তা ফারজানা, মোমিন মেহেদীসহ বেশ কিছু তারকা। অথচ ৫ আগস্টের দিনই হাসিনাসহ আওয়ামী লীগের পতন হয়েছিল। আগামীতে আওয়ামী লীগ কোনোভাবে ফিরবে না। কিন্তু এই দোসররা মাঝে মাঝে আইনজীবী বা শিক্ষাবিদ হয়ে ফিরে আসার চেষ্টা করছেন। তবে সেটি আমরা হতে দেবো না।


বিডিএলপিবি/এমএম
সোর্স: চ্যানেল ২৪