![]() |
| প্রতীকী ছবি |
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রকাশিত আইনের শাসন সূচক ২০২৬-এ দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১২৩তম। তবে অবস্থানের উন্নতি হলেও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বৈশ্বিক গড়ের তুলনায় এখনও পিছিয়ে রয়েছে দেশটি।
সূচকে বাংলাদেশের স্কোর ০.৩৯, যেখানে বৈশ্বিক গড় ০.৫৫। তবে বার্ষিক অগ্রগতির হিসাবে বিশ্বের ১৫টি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনকারী দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসন সূচকে অগ্রগতির দিক থেকেও শীর্ষে রয়েছে দেশটি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অঞ্চলে নেপাল প্রথম, শ্রীলঙ্কা দ্বিতীয় এবং ভারত তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
আফ্রিকার কয়েকটি দেশের চেয়েও পিছিয়ে বাংলাদেশ
আইনের শাসন সূচকে আফ্রিকার বেশ কয়েকটি দেশ বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। দেশগুলোর মধ্যে ঘানা ৬২তম, কেনিয়া ১০০তম, লাইবেরিয়া ১০৩তম, সিয়েরা লিওন ১১০তম, নাইজেরিয়া ১২০তম এবং জিম্বাবুয়ে ১২২তম স্থানে রয়েছে। অর্থাৎ, বাংলাদেশের অবস্থান জিম্বাবুয়ের ঠিক পরেই।
বিশ্বব্যাপী আইনের শাসন সূচকের শীর্ষ পাঁচটি স্থান দখল করেছে ইউরোপের দেশগুলো। তালিকায় প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক। এরপর যথাক্রমে নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও লুক্সেমবার্গের অবস্থান।
আটটি মানদণ্ডে মূল্যায়ন
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের এ সূচকে আটটি প্রধান মানদণ্ডের ভিত্তিতে বিভিন্ন দেশের আইনের শাসনের অবস্থা মূল্যায়ন করা হয়। মানদণ্ডগুলো হলো—সরকারি ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, বিধি-বিধানের প্রয়োগ, দেওয়ানি বিচার এবং ফৌজদারি বিচার।
এ আটটি মানদণ্ডের মধ্যে তিনটিতে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এগুলো হলো সরকারি ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ, দুর্নীতির অনুপস্থিতি এবং বিধি-বিধানের প্রয়োগ। তবে বাকি পাঁচটি মানদণ্ডে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে।
মৌলিক অধিকার রক্ষায় সবচেয়ে দুর্বল অবস্থান
সূচকের তথ্য অনুযায়ী, মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সবচেয়ে দুর্বল। এ মানদণ্ডে ০.৩১ স্কোর নিয়ে ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম।
অন্যদিকে, আটটি মানদণ্ডের মধ্যে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে উন্মুক্ত সরকার। এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ০.৪২ এবং অবস্থান ১২৮তম।
সামগ্রিকভাবে, আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি হলেও পাঁচটি মানদণ্ডে অবনতি এবং মৌলিক অধিকার রক্ষায় দুর্বল অবস্থান আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছে।
সূত্র: ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রকাশিত আইনের শাসন সূচক ২০২৬
বিডি ল' পোস্ট/মাসুম

0 coment rios: