![]() |
| ছবি: সংগৃহীত |
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির উপপরিদর্শক মো. আশরাফুল হাসান আসামিকে জিজ্ঞাসাবাদ করে মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করেন। দুপুর ২টা ১০ মিনিটের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিলীপ আগরওয়ালাকে আদালতে হাজির করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ৬৭৮ কোটি টাকার অবৈধ লেনদেন ও মানিলন্ডারিংয়ের অভিযোগের সত্যতা যাচাই, ব্যাংক হিসাব ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে তিন দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন জানায়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাজহারুল ইসলাম।
মামলার এজাহার অনুযায়ী, ২০০৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে বৈধ এলসির বাইরে স্থানীয় বাজার থেকে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা কেনাবেচা করা হয়েছে। এসব লেনদেনের পক্ষে প্রতিষ্ঠানটি বৈধ নথিপত্র দেখাতে পারেনি বলে অভিযোগ করা হয়েছে।
এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বছরের নভেম্বর মাসে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান শেখ বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে র্যাবের হাতে গ্রেপ্তারের পর বিভিন্ন হত্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ শেষে গত বছরের ১ অক্টোবর জামিনে মুক্তি পান দিলীপ আগরওয়ালা।
সূত্র: বিডিনিউজ ২৪
বিডি ল’ পোস্ট/মাসুম

0 coment rios: