১৯ অক্টো, ২০২৬

সংসদের সামনে ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন

ছবি: সংগৃহীত 
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামে এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী ৫ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, মামলার পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত রাকিবের জামিন মঞ্জুর করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে দ্রুতই তিনি কারামুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আসামিপক্ষের দাবি, মামলার শুরুতে যে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছিল, সেটি রাকিব হোসেনের হলেও ছিনতাইয়ের সময় সেটি ব্যবহার করা হয়নি। ঘটনার সময় মোটরসাইকেলটি গ্যারেজে ছিল এবং সিসিটিভি ফুটেজেও এর প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়। পরে পুলিশ ছিনতাইয়ে ব্যবহৃত প্রকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।

জামিন আবেদনে আরও বলা হয়, রাকিব নির্দোষ এবং তাকে হয়রানি ও ষড়যন্ত্রের মাধ্যমে মামলায় আসামি করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তার নয় এবং তার কাছ থেকে কোনো চোরাই মালামালও উদ্ধার করা হয়নি। গণমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে তাকে মামলায় জড়ানো হয়েছে বলেও দাবি করেন তার আইনজীবী।

মামলার নথি অনুযায়ী, নিহত রনজিলা পারভীন (৫৬) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের চিকিৎসকের কাছে যাওয়ার জন্য স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে অটোরিকশায় করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন তারা।

এ সময় মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা রনজিলার হাতে থাকা ব্যাগ ধরে সজোরে টান দেয়। হ্যাঁচকা টানে তিনি চলন্ত অটোরিকশা থেকে পাকা সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী মো. আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর ৩০ আগস্ট র‍্যাব-২ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন আসামিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি ইয়ামাহা আর১৫ মোটরসাইকেল জব্দ করা হয়। পরদিন ৩১ আগস্ট আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র: বিডিনিউজ ২৪

বিডি ল' পোস্ট/মাসুম


শেয়ার করুন

0 coment rios: