২৬ অক্টো, ২০২৬

বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, আদালতে তলব

ছবি: সংগৃহীত 
বাদীকে হত্যার হুমকি দেওয়া ও বাসায় লোকজন পাঠানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। এ মামলায় অভিযোগ আমলে নিয়ে আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন সানায়া চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নেন।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে।

মামলার অভিযোগে বলা হয়, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকি দেওয়ার অভিযোগে এর আগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন সানায়া চৌধুরী। তবে ওই মামলার তদন্ত শেষে সম্প্রতি পুলিশ তানজিন তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে।

পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন বাদী। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদনটি মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

সানায়া চৌধুরীর নতুন মামলার অভিযোগে বলা হয়েছে, আগের মামলার ঘটনাকে কেন্দ্র করে তানজিন তিশা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দিয়েছেন এবং তাঁর বাসায় লোকজন পাঠিয়েছেন। এসব ঘটনার কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

সূত্র: ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট 



শেয়ার করুন

0 coment rios: