১৫ অক্টো, ২০২৬

সুপ্রিম কোর্ট বার: ‘ব্রেকআপ পার্টি’র খাবারে ব্যয় কমানো ও ধর্মভেদে মাংসের আয়োজনের প্রস্তাব

কোলাজ ছবি 
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) বার্ষিক ভোজ ‘ব্রেকআপ পার্টি’র আয়োজনের ব্যয় কমানোর পাশাপাশি সদস্যদের পছন্দ ও ধর্মীয় বিবেচনায় খাবারের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছেন তিনি। আবেদনে মুসলিম আইনজীবীদের জন্য গরুর মাংস, হিন্দু আইনজীবীদের জন্য পৃথকভাবে খাসির মাংস এবং নিরামিষভোজীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়, ২০২৬ সালের ৮ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য সংখ্যা ১৩ হাজার ৯৪ জন। প্রত্যেক সদস্যের কাছ থেকে বার্ষিক ভোজ বাবদ ৮০০ টাকা নেওয়া হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ৪ লাখ ৭৫ হাজার ২০০ টাকা। এত অর্থ ব্যয়ের পরও খাবারের মান ও পর্যাপ্ততা নিয়ে অনেক সদস্যের অসন্তোষ রয়েছে বলে উল্লেখ করেন আবেদনকারী।

মামুনের দাবি, খাসির মাংসের পরিবর্তে তুলনামূলক কম খরচে গরুর মাংসের ব্যবস্থা করা হলে খাবারের পরিমাণ বাড়ানোর পাশাপাশি মোট ব্যয়ও কমানো সম্ভব। এ জন্য তিনি প্রতিটি ২ লাখ টাকা দামের ১০টি স্বাস্থ্যবান ষাঁড় কেনার একটি প্রস্তাব দেন। এতে মোট ব্যয় হবে ২০ লাখ টাকা বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া বারের জ্যেষ্ঠ আইনজীবী ও নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা চাইলে বার্ষিক ভোজ উপলক্ষে গরু উপহার দিতে পারেন বলেও প্রস্তাব দিয়েছেন তিনি। তার মতে, এতে বারের নিজস্ব তহবিল থেকে মাংস কেনার ব্যয় আরও কমানো সম্ভব হবে।

ধর্মীয় ও খাদ্যাভ্যাসগত বিষয় বিবেচনায় নিয়ে হিন্দু আইনজীবীদের জন্য পৃথক ব্যবস্থাপনায় খাসির মাংস এবং বৈষ্ণব রীতির অনুসারীসহ অন্যান্য নিরামিষভোজীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশে নিরামিষ খাবারের ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে আবেদনে।

আবেদনকারী মনে করেন, সদস্যদের ধর্মীয় ও খাদ্যাভ্যাসগত পছন্দকে সম্মান রেখে খাবারের পৃথক ব্যবস্থা করা হলে একদিকে যেমন সবার সুবিধা নিশ্চিত হবে, অন্যদিকে বার্ষিক ভোজের ব্যয়ও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

সূত্র: জাগো নিউজ ২৪ (১৫.১০.২০২৬)

বিডিলপোস্ট/এম


শেয়ার করুন

0 coment rios: