১৫ অক্টো, ২০২৬

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি সহজ করার পাশাপাশি আদালতের ওপর চাপ কমাতে হবে। বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমিয়ে বিচারব্যবস্থার বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মহাখালীর একটি হোটেলে চিফ লিগ্যাল এইড অফিসারদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে কর্মকর্তারা প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছেন। এতে সাধারণ মানুষের জীবন, সমস্যা ও বাস্তবতা সম্পর্কে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বিচারিক দায়িত্ব পালনের সময় আরও কার্যকর ও মানসম্মত সিদ্ধান্ত দিতে সহায়ক হবে।

তিনি বলেন, মানুষের জীবন থেকে অর্জিত অভিজ্ঞতাই প্রকৃত শিক্ষা। আইনগত সহায়তা দিতে গিয়ে সাধারণ মানুষের নানা সমস্যা ও বাস্তবতা সম্পর্কে যে অভিজ্ঞতা কর্মকর্তারা অর্জন করছেন, তা তাদের বিচারিক দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করবে।

মন্ত্রী আরও বলেন, বিচারকরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করেন। অন্যদিকে, আইনগত সহায়তার সঙ্গে যুক্ত কর্মকর্তারা মানুষের বিচারপ্রাপ্তির পথে থাকা বিভিন্ন বাধা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ কার্যক্রমের মাধ্যমে আদালতের ওপর চাপ কমানো গেলে বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে।

চিফ লিগ্যাল এইড অফিসারদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে তিনি বলেন, কর্মকর্তাদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যানবাহন-সংক্রান্ত সমস্যার সমাধানে বিকল্প ব্যবস্থা এবং ছুটিসংক্রান্ত বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্য শুধু কতটি কার্যক্রম পরিচালিত হয়েছে, তা দিয়ে মূল্যায়ন করা যাবে না; এর মাধ্যমে মানুষের কী ধরনের উপকার হয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রমের অর্জন ও অগ্রগতির একটি ইতিবাচক চিত্র জাতির সামনে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি চিফ লিগ্যাল এইড অফিসারদের জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশের বিচারব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতার জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাকে (জাইকা) ধন্যবাদ জানান আইনমন্ত্রী। আগামী প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


বিডিলপোস্ট/এম

সূত্র: সমকাল


শেয়ার করুন

0 coment rios: