১৭ অক্টো, ২০২৬

আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট

ছবি: সংগৃহীত 
আদালতের আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়ে তা বাস্তবায়নে সহায়তা করা সরকারি আইনজীবীদের দায়িত্ব। এ দায়িত্ব পালনের সময় তাদের সঙ্গে কোনো কর্মকর্তা দুর্ব্যবহার করলে তা আদালত অবমাননার শামিল হবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট।

এক অতিরিক্ত সরকারি কৌঁসুলির (এজিএ) সঙ্গে এক পুলিশ কর্মকর্তার দুর্ব্যবহারের ঘটনায় কঠোর অবস্থান নিয়ে উত্তর প্রদেশের পুলিশ মহাপরিচালককে (ডিজিপি) একটি সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন আদালত। সার্কুলারে সব পুলিশ কর্মকর্তাকে সতর্ক করে জানাতে বলা হয়েছে, আদালতের আদেশ বাস্তবায়নের বিষয়ে সরকারি আইনজীবীরা কোনো কর্মকর্তাকে অবহিত করার সময় তাদের সঙ্গে অসদাচরণ করা হলে তা আদালত অবমাননা হিসেবে গণ্য হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজমগড়ের এসএসপির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) রাজেশ কুমার সিংয়ের বিরুদ্ধে এক এজিএর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি আমলে নিয়ে বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়াল ওই পিআরওকে আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। সোমবার বিকেল ৫টা পর্যন্ত তাকে আদালতের হেফাজতে রাখার পর মুক্তি দেওয়া হয়।

আদালত বলেন, অতিরিক্ত সরকারি কৌঁসুলিরা আদালতের কর্মকর্তা হিসেবে বিচারিক নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব পালন করেন। আদালতের আদেশ পালনের বিষয়ে তারা যখন কোনো কর্মকর্তাকে অবহিত করেন, তখন তারা আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবেই দায়িত্ব পালন করেন।

আদালত আরও বলেন, সরকারি কোনো কর্মকর্তা—এমনকি রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাও—আদালতের আদেশ বাস্তবায়নের বিষয়ে দায়িত্ব পালনরত সরকারি আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার করলে তা আদালত অবমাননার শামিল হবে।

এদিকে আজমগড়ের এসএসপি আদালতকে জানান, তিনি রাজেশ কুমার সিংকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং পিআরও পদ থেকে সরিয়ে দিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আদালত এসএসপির পদক্ষেপের প্রশংসা করেন।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি ল' পোস্ট/মাসুম


শেয়ার করুন

0 coment rios: