১৪ অক্টো, ২০২৬

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা বন্ধে পদক্ষেপ চেয়ে রিট দায়ের

ছবি: সংগৃহীত 
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে বাধা এবং সাংস্কৃতিক স্থাপনায় হামলা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি রিটটি দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলা, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা এবং সাংস্কৃতিক স্থাপনায় হামলার মতো ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

তিনি বলেন, ‘তৌহিদী জনতা’ পরিচয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে সাংস্কৃতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত এবং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

রিটকারী আরও বলেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাঙালি জাতিসত্তার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো সংরক্ষণে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে। সাধারণ মানুষ যাতে আইনসম্মতভাবে নির্বিঘ্নে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও স্থাপনাগুলো নিরাপদ থাকে—রিটে সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।


বিডি ল পোস্ট/এম

সূত্র: বাংলা ট্রিবিউন (১৪.১০.২০২৬)


শেয়ার করুন

0 coment rios: