২৩ অক্টো, ২০২৬

মোহাম্মদপুরে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক, ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা কারাগারে

ছবি: সংগৃহীত 
রাজধানীর মোহাম্মদপুরে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো চার আসামি হলেন— ছাত্রলীগের ময়মনসিংহের ভালুকা উপজেলার ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. জালাল উদ্দিন (৩২), ভালুকা ছাত্রলীগের হবিরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. নাঈম হাসান ডালিম (৩২), একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মো. মাহমুদুল হাসান মামুন (৩৪) এবং ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মো. আল-আমিন (৩৫)।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যেভাবে গ্রেফতার করা হয়

পুলিশ জানায়, বুধবার মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকার ‘সি’ ব্লকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মামলার এজাহার অনুযায়ী, ঢাকা উদ্যান মেইন রোডের হাজী দিল মোহাম্মদ অ্যাভিনিউয়ের ৩৯ নম্বর বাড়ির গ্যারেজে সরকারবিরোধী কার্যক্রম ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন তাঁরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলাটির তদন্ত চলছে।

সূত্র: বাসস, ২২ অক্টোবর, ২০২৬

বিডি ল' পোস্ট/মাসুম


শেয়ার করুন

0 coment rios: