১৮ অক্টো, ২০২৬

বাদী-বিবাদী অভিন্ন হলেও আগের মামলার বিষয় ভিন্ন হলে রেস জুডিকাটা প্রযোজ্য নয়: হাইকোর্ট

ছবি: সংগৃহীত 
আগের মামলায় একই পক্ষ জড়িত থাকলেই পরবর্তী মামলা রেস জুডিকাটা বা পূর্বতন বিচার দ্বারা বাধাগ্রস্ত হবে না। আগের মামলায় যে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে এবং পরবর্তী মামলার বিষয় এক হতে হবে। বিষয় ভিন্ন হলে পরবর্তী মামলা চলতে পারে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান এই সিদ্ধান্ত দেন। সিভিল রিভিশন নম্বর ৩৩৪৩/২০০৯, মো. জয়ধর আলী বনাম করমজান বিবি মামলায় ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া রায়ে আদালত এ পর্যবেক্ষণ করেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ১৮ অক্টোবর ২০২৬ তারিখে। 

পটভূমি

মামলার সূত্রপাত টাইটেল স্যুট নম্বর ৮১/২০০৩ থেকে। বাদী করমজান বিবি ১৯৮৯ সালের একটি মামলায় দেওয়া উপহার দলিল এবং ২১ সেপ্টেম্বর ১৯৯৩ সালের একতরফা ডিক্রি বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট জমি বণ্টনের দাবিতে মামলা করেন। এর আগে একই জমি নিয়ে টাইটেল স্যুট নম্বর ৮২/১৯৯৫-এ বণ্টন মামলা হয়েছিল, যেখানে করমজান বিবি ও বর্তমান বিবাদী জয়ধর আলী উভয়েই বাদী ছিলেন।

পরবর্তী মামলায় করমজান বিবি দাবি করেন, জয়ধর আলী তার কাছ থেকে বিভিন্ন কাগজে টিপসই নিয়ে জাল হেবা দলিল তৈরি করেছেন। অন্যদিকে জয়ধর আলী দাবি করেন, আগের মামলায় করমজান বিবি হলফনামার মাধ্যমে হেবা দলিল স্বীকার করেছিলেন এবং বর্তমান মামলা দেওয়ানি কার্যবিধির ১১ ধারার রেস জুডিকাটার কারণে বাধাগ্রস্ত।

আদালতের পর্যবেক্ষণ

হাইকোর্ট বলেন, দেওয়ানি কার্যবিধির ১১ ধারার মূল উদ্দেশ্য হলো একই পক্ষের মধ্যে একই বিষয় বারবার বিচার হওয়া বন্ধ করা এবং মামলার চূড়ান্ততা নিশ্চিত করা। কোনো বিষয় পূর্ববর্তী মামলায় একই পক্ষের মধ্যে সরাসরি ও মৌলিকভাবে বিচার হয়ে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে থাকলে তা পুনরায় উত্থাপন করা যায় না।

তবে বর্তমান মামলায় আগের টাইটেল স্যুট নম্বর ৮২/১৯৯৫ ছিল মূলত জমির বণ্টন সংক্রান্ত মামলা। সেখানে বাদী করমজান বিবি ও বিবাদী জয়ধর আলী উভয়েই বাদী ছিলেন। সেই মামলায় তাদের পারস্পরিক বিরোধ চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছিল—এমন দাবি করার সুযোগ নেই বলে আদালত উল্লেখ করেন।

আদালত আরও বলেন, বর্তমান মামলায় করমজান বিবি জয়ধর আলীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছেন। ফলে আগের বণ্টন মামলার বিষয় এবং বর্তমান মামলায় দলিল জালিয়াতির অভিযোগের বিষয় এক নয়। তাই রেস জুডিকাটার নীতি প্রয়োগের কোনো ভিত্তি নেই।

আদেশ

হাইকোর্ট জয়ধর আলীর দায়ের করা সিভিল রিভিশনে কোনো আইনগত ভিত্তি খুঁজে না পেয়ে তা খারিজ/ডিসচার্জ করেন এবং খরচসহ লিভ/রুল ডিসচার্জ করেন। একই সঙ্গে আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

আদালত টাইটেল স্যুট নং- ৮১/২০০৩ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ট্রায়াল কোর্টকে নির্দেশ দেন। একই সঙ্গে জারি মামলা নং- ০২/২০০২ এবং জারি মামলা নং- ০৩/২০০৩ মামলার কার্যক্রম টাইটেল স্যুট নম্বর ৮১ অব ২০০৩ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

আইনি শিক্ষা

রেস জুডিকাটা প্রযোজ্য হওয়ার জন্য শুধু পক্ষগুলো একই হওয়া যথেষ্ট নয়। আগের মামলায় যে বিষয়টি সরাসরি ও মৌলিকভাবে বিচার হয়ে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, পরবর্তী মামলার বিরোধও সেই একই বিষয়ের হতে হবে। আগের মামলা ও পরবর্তী মামলার বিষয়বস্তু ও বিরোধ আলাদা হলে দেওয়ানি কার্যবিধির ১১ ধারার রেস জুডিকাটার বাধা সৃষ্টি হবে না।

বিডি ল' পোস্ট/মাসুম


শেয়ার করুন

0 coment rios: