![]() |
| ছবি: সংগৃহীত |
১৯ অক্টোবর ২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আদালত খোলার প্রথম দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত আপিল বিভাগের ১ নম্বর এজলাসের সামনের করিডোরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজ্ঞ আইনজীবীদের জন্য সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে (মূল ভবনসংলগ্ন বাগান) আপ্যায়নের ব্যবস্থা থাকবে।
প্রবেশ ও চলাচলে যেসব নির্দেশনা
অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য আইনজীবীদের সোনালী ব্যাংক গেট ও আইনজীবী সমিতির গ্যাংওয়ে ব্যবহার করতে হবে। প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতিদের সঙ্গে সাক্ষাৎ শেষে ইনার কোর্ট ইয়ার্ডে প্রবেশের ক্ষেত্রে মূল ভবনের ২ ও ৩ নম্বর গেটের পাশের সিঁড়ি ব্যবহার করতে বলা হয়েছে। অনুষ্ঠান থেকে বের হওয়ার জন্যও মূল ভবনের ২ ও ৩ নম্বর গেট ব্যবহার করতে হবে। তবে সোনালী ব্যাংক গেট শুধু প্রবেশের জন্য ব্যবহারযোগ্য থাকবে।
প্রবেশপথে আর্চওয়ে ও নিরাপত্তা চেকপয়েন্ট থাকবে। নিরাপত্তাকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করতে এবং প্রয়োজনে পরিচয়পত্র প্রদর্শনের জন্য তা সঙ্গে রাখতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তালিকাভুক্ত নন—এমন কাউকে অনুষ্ঠানে প্রবেশ না করানোর বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।
নিরাপত্তা ও আচরণবিধি
অনুষ্ঠানস্থলে ধারালো বা দাহ্য পদার্থ, দিয়াশলাই, লাইটার, অ্যারোসল ক্যানসহ যেকোনো বিপজ্জনক বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পরামর্শ ও দিকনির্দেশনা মেনে চলার পাশাপাশি সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্টদের অবহিত করতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সঙ্গে সাক্ষাতের সময় ভিড় না করা এবং সৌজন্য বিনিময় সংক্ষিপ্ত রাখার অনুরোধ জানানো হয়েছে। বিচারপতিদের সঙ্গে মোবাইল ফোনে সেলফি তোলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ স্ট্রিমিং করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। অনুষ্ঠানে কলার ব্যান্ডসহ আবশ্যিকভাবে কোর্ট ড্রেস পরে আসতে হবে।
এ ছাড়া অনুষ্ঠানস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা, বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং প্রবেশ, অবস্থান ও প্রস্থানের সময় শান্ত, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
খাবার পরিবেশন ও জরুরি সহায়তা
অনুষ্ঠানে আইনজীবীদের আপ্যায়নের জন্য ১০টি ফুড স্টেশন থাকবে। এসব স্টেশন থেকে সারিবদ্ধভাবে খাবার গ্রহণ করতে বলা হয়েছে, যাতে পরিবেশ সুশৃঙ্খল ও আরামদায়ক থাকে। খাবার সংগ্রহে সামান্য সময় লাগলে ধৈর্য ধরতে এবং ব্যবহৃত প্লেট ও গ্লাস নির্ধারিত স্থানে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানস্থলে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক উপস্থিত থাকবে। কোনো অনাকাঙ্ক্ষিত শারীরিক অসুবিধা বা দুর্ঘটনা ঘটলে নিকটস্থ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা নিরাপত্তাকর্মীকে জানালে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে।
ধূমপান নিষিদ্ধ, গাড়ি পার্কিং ঈদগাহ মাঠে
বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানস্থলে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিদের গাড়ি পার্কিংয়ের জন্য ঈদগাহ মাঠ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান-সংক্রান্ত ঘোষণাগুলো সাউন্ড সিস্টেমে প্রচারিত দিকনির্দেশনা অনুযায়ী অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ মহিউদ্দিন রহমান সিদ্দিকী।
সূত্র: ১৯ অক্টোবর ২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের প্রশাসন শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তি
বিডি ল' পোস্ট/ মাসুম

0 coment rios: