৬ সেপ, ২০২৬

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষক রনজিলার মৃত্যু: ৩ আসামি কারাগারে

ফাইল ছবি
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- প্যারা পনি, সেন্ড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করা হয় তাদের। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৩০ আগস্ট অভিযান চালিয়ে র‍্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করে। পরদিন আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার বিবরণ: ২৯ আগস্ট ভোরে চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা আসেন রনজিলা পারভিন (৫৬)। তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গাবতলী বাস টার্মিনাল থেকে রিকশায় করে খামারবাড়ির ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যাচ্ছিলেন রনজিলা। সঙ্গে ছিলেন স্বামী আব্দুল মতিন।

ভোর সাড়ে ৬টার দিকে রিকশা মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছলে, মোটরসাইকেলে দুই ছিনতাইকারী এসে তাঁর ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে যান রনজিলা। আহত অবস্থায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।


বিডিএলপিবি/এমএম
সূত্র: বিডি নিউজ ২৪ (০৬.০৯.২০২৬)


শেয়ার করুন

0 coment rios: