২৯ সেপ, ২০২৬

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ছবি: সংগৃহীত 
সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কিংবা বিচারাঙ্গনের অন্য কোথাও অনিয়ম, অনাচার বা দুর্নীতি নজরে এলে তা অনুসন্ধান করে বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের সঙ্গে তার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। পেশাগত জীবনের একটি দীর্ঘ সময় সাংবাদিকতায় কাটিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ ও বাস্তবতা সম্পর্কে তিনি অবগত।

আদালতকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদনের ইতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন তিনি। রুহুল কুদ্দুস কাজল বলেন, দায়িত্ব গ্রহণের পর আদালতসংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে এবং এর মধ্যে কয়েকটি প্রতিবেদনের মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া গেছে।

একটি ঘটনার উদাহরণ দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, একই বিষয়ে হাইকোর্টের একাধিক বেঞ্চে পৃথক পিটিশন করে আদেশ নেওয়ার বিষয়টি তার নজরে এসেছে। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন বলেও জানান তিনি।

বিচারাঙ্গন আইনজীবীদের জীবিকা ও পেশাগত কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, কয়েকজনের অনিয়ম বা অসদাচরণের কারণে যেন পুরো আইনজীবী সমাজ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বিচারাঙ্গনের ইতিবাচক কর্মকাণ্ড ও অর্জনও জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানান তিনি।

প্রধান বিচারপতির নেতৃত্বে সম্প্রতি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগের ইতিবাচক কার্যক্রম সম্পর্কেও জনগণকে অবহিত করা প্রয়োজন। আদালত সম্পর্কে মানুষের কাছে যেন বিভ্রান্তিকর বা ভুল বার্তা না যায়, সেদিকেও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে দুপুর ১২টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়। এতে এসআরএফের নেতৃবৃন্দ এবং সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

পরে দুপুর ১টায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল। এসআরএফ সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, আপিল বিভাগের রেজিস্ট্রার, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার), ডুলা সভাপতি শেখ আলী আহমেদ খোকন, বাংলাদেশ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জহিরুল আমিন, প্রসিকিউটর মঈনুল করিম ও প্রসিকিউটর তারেক আবদুল্লাহসহ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু হয়।


বিডিএলপিবি/এমএম

সূত্র: বাসস (২৯/০৯/২০২৬)



শেয়ার করুন

0 coment rios: