২০ জুল, ২০২৬

বিচারকের স্বাক্ষর-সিল জালিয়াতি, আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এক বিচারকের স্বাক্ষর ও সরকারি সিল জাল করে ভুয়া হলফনামা তৈরির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। আদালতের নথি যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে আদালতের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

রোববার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের নেজারত বিভাগের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মো. খালিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মো. নয়ন, মোসা. রিমা এবং আইনজীবী মো. তরিকুল ইসলাম (তরু) ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক শহিদুল ইসলামকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ঢাকার ১১ নম্বর আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মৌখিক নির্দেশে মো. নয়ন ও ফাহিমা ইসলাম রিয়া নামে এক দম্পতির বিয়ের হলফনামা আদালতের সংরক্ষিত রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হয়। যাচাই-বাছাইয়ে দেখা যায়, উপস্থাপিত হলফনামাটি আদালতের প্রকৃত নথির সঙ্গে মিলছে না।

তদন্তে আরও জানা যায়, হলফনামায় উল্লেখ করা ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারির ৩০ নম্বর স্মারকে আদালতের রেজিস্টারে প্রকৃতপক্ষে মো. জাফরুল ইসলাম নামে অন্য এক ব্যক্তির হলফনামা নিবন্ধিত রয়েছে। অর্থাৎ একই স্মারক নম্বর ব্যবহার করে ভিন্ন তথ্য সংবলিত একটি জাল নথি তৈরি করা হয়েছিল।

এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা ঢাকার ১১ নম্বর আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের স্বাক্ষর ও সরকারি সিল জাল করে ভুয়া হলফনামা প্রস্তুত করেন। পরে সেই জাল নথি ব্যবহার করে বরগুনার বামনা আমলি আদালতে একটি সিআর (নালিশি) মামলা দায়েরের চেষ্টা করা হয়। তবে নথি যাচাইয়ের পর সংশ্লিষ্ট আদালত ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় অভিযোগটি খারিজ করে দেন।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে আদালতের নাম, বিচারকের স্বাক্ষর এবং সরকারি সিল জাল করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। জাল নথি তৈরি ও তা ব্যবহার করে প্রতারণার চেষ্টা করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৫, ৪৬৬, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।


বিডিএলপিবি/এমএম


শেয়ার করুন

0 coment rios: