১১ জুন, ২০২৬

চিকিৎসকদের 'চামার' আখ্যা, সাংবাদিক মাসুদ কামালকে লিগ্যাল নোটিশ

ছবি: সংগৃহীত 

টেলিভিশনের একটি টকশোতে চিকিৎসক সমাজকে নিয়ে করা মন্তব্যের জেরে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে চিকিৎসকদের একটি সংগঠন।

‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’ নামের সংগঠনটির পক্ষ থেকে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সংগঠনটির মুখপাত্র ডা. আব্বাস ভূঁইয়ার নির্দেশনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইয়েদ আব্দুল মুহাইমিন আলী রাজি নাসিফ এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি আলোচনায় মাসুদ কামাল চিকিৎসকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। সংগঠনটির দাবি, ওই বক্তব্য ছিল ভিত্তিহীন, বেপরোয়া ও মানহানিকর, যা চিকিৎসক সমাজের পেশাগত মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করেছে।

এতে আরও বলা হয়, চিকিৎসা পেশা একটি সম্মানজনক পেশা হিসেবে দীর্ঘদিন ধরে সমাজে আস্থা অর্জন করে এসেছে। তাই পুরো চিকিৎসক সমাজকে লক্ষ্য করে এ ধরনের মন্তব্য তাদের অবদানকে প্রশ্নবিদ্ধ করে এবং জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে।

লিগ্যাল নোটিশে মাসুদ কামালের কাছে তিনটি দাবি জানানো হয়েছে— তিন দিনের মধ্যে চিকিৎসক সমাজের কাছে নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করে তা একই বা সমমানের গণমাধ্যমে প্রচার করা, সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করা এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার অঙ্গীকার করা।

এতে সতর্ক করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে, ক্ষমা প্রর্থনা না করলে এবং ভবিষ্যতে এধরণের মন্তব্য পরিহার করার অঙ্গীকার না করলে তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এতে সৃষ্ট সব ব্যয় তাকেই বহন করতে হবে।


বিডিএলপিবি/এমএম


শেয়ার করুন

0 coment rios: