৪ মে, ২০২৬

পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এল স্বর্ণময়ীর মৃত্যুর নেপথ্যের কারণ

ছবিঃ সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের সোবহানবাগ এলাকায় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এর গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের (২৮) মৃত্যু পারিবারিক অভিমান ও দীর্ঘদিনের মানসিক হতাশার ফল বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গত ১৪ এপ্রিল আদালতে প্রতিবেদন জমা দেন, যা ১৯ এপ্রিল গ্রহণ করা হয়। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১৮ অক্টোবর সোবহানবাগের নাভানা টাওয়ারের বাসা থেকে স্বর্ণময়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রতিবেদনে জানানো হয়, শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। অপরদিকে, সিআইডির ডিএনএ ল্যাবের পরীক্ষায় কোনো ধরনের ধর্ষণের আলামত পাওয়া যায়নি।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে রক্তমাখা ব্লেড, প্রিন্টের ওড়না, নোটবুক ও একটি ডায়েরি উদ্ধার করা হয়। নোটবুকের পাতায় পাওয়া হাতে লেখা চিরকুটে স্বর্ণময়ী তার পারিবারিক সম্পর্ক, অবহেলার অনুভূতি এবং মানসিক চাপের কথা উল্লেখ করেন।

সেখানে তিনি লিখেছেন, পরিবারের কাছে তিনি নিজেকে ‘শুধু দায়িত্ব’ মনে করতেন এবং এ অনুভূতি থেকেই তিনি গভীর হতাশায় ভুগছিলেন। চিরকুটে স্বর্ণময়ী লিখেছেন, দীর্ঘদিন ধরে তিনি এমন সিদ্ধান্তের পরিকল্পনা করছিলেন এবং জীবনের নানা অভিমান ও অপ্রাপ্তির কথাও তুলে ধরেন। বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং নিজেকে অবহেলিত মনে করার বিষয়টি তাকে মানসিকভাবে ভেঙে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


শেয়ার করুন

0 coment rios: