১০ আগ, ২০২৬

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান রিমান্ডে

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান রিমান্ডে

ছবি: সংগৃহীত 
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য( এমপি) ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (৫ আগস্ট) রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরের দিন বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য সোমবার ১০ আগস্ট দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি রোডস্থ মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন ইউটার্নে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কতিপয় সদস্য অবৈধ মিছিল করে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ বিভিন্ন স্লোগান দিয়ে সরাসরি মিছিল করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। আসামিরা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকা- করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ষড়যন্ত্র, প্ররোচিত করে প্রজাতন্ত্রের ক্ষতি সাধনের উদ্দেশে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।


বিডিএলপিবি/এমএম
সূত্র: বাসস

হাইকোর্টের ৫৫ টি বেঞ্চ পুনর্গঠন, বিচারকাজ শুরু আগামীকাল থেকে

হাইকোর্টের ৫৫ টি বেঞ্চ পুনর্গঠন, বিচারকাজ শুরু আগামীকাল থেকে

ছবি: সংগৃহীত 
হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫৫টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে পুনর্গঠিত এসব বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হবে।

সোমবার (১০ আগস্ট) প্রধান বিচারপতির নির্দেশনার পর সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও বিস্তারিত কার্যতালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইকোর্ট বিভাগের মোট ৯৩ জন বিচারপতি নিয়ে বেঞ্চগুলো পুনর্গঠন করা হয়েছে।  এর মধ্যে দ্বৈত ও একক মিলিয়ে মোট ৫৫টি বেঞ্চ রয়েছে।

আদেশে দেখা যায়, পুনর্গঠিত বেঞ্চগুলোর মধ্যে ১০টি ফৌজদারি মোশন (আবেদন), ৬টি রিট মোশন এবং ৫টি ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ) বেঞ্চ রয়েছে।এরমধ্যে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চটিকে বিশেষ এখতিয়ার দেওয়া হয়েছে। এই বেঞ্চটি শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশন (ডেথ রেফারেন্স) সংক্রান্ত রুল, আবেদন গ্রহণ ও শুনানি করবেন।

দেশের উচ্চ আদালতে বিচারপ্রার্থীদের জট কমাতে এবং বিচারিক কার্যক্রমে গতি আনতে নিয়মিত বিরতিতে প্রধান বিচারপতি বেঞ্চ পুনর্গঠন করে থাকেন।  আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই নতুন বিন্যাসে আদালত বসবে।

বিজ্ঞপ্তি:



















বিডিএলপিবি/এমএম
সূত্র: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি

পরিবেশ অধিদপ্তরের ডিজি ও ডিসিসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

পরিবেশ অধিদপ্তরের ডিজি ও ডিসিসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ছবি: সংগৃহীত 
গাইবান্ধার অবৈধ ইটভাটা উচ্ছেদের আদেশ বাস্তবায়ন না করার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গাইবান্ধার জেলা প্রশাসকসহ (ডিজি) তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৯ আগস্ট) এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।রুলের বিবাদীরা হলেন— পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, অধিদপ্তরের রংপুরের বিভাগীয় পরিচালক নুরুল আমিন এবং গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুদুর রহমান।

আদালতে রিট আবেদনের পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী। পরে আইনজীবী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘আদালত অবমাননার দায়ে বিবাদীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।’

মামলার তথ্য বিবরণ থেকে জানা যায়, গাইবান্ধার লাইসেন্সবিহীন ১৭৯টি অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করেছিলেন আইনজীবী আব্দুর রাজ্জাক। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২৪ সালের ৬ মে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

রুলের চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্টের একটি বেঞ্চ। রায়ে গাইবান্ধার ওই ১৭৯টিসহ সব অবৈধ ইটভাটা ৬০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও উচ্ছেদ অভিযান না চালানোয় হাইকোর্টে আদালত অবমাননার আবেদনটি দাখিল করেন রিটকারী আইনজীবী।

আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, ‘আদালতের সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর তা বাস্তবায়ন করেনি, যা সরাসরি আদালত অবমাননার শামিল।’


বিডিএলপিবি/এমএম
সূত্র: দেশ রূপান্তর

ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল

ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল

ছবি: সংগৃহীত 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদ আপিল করেছেন। তার আপিলটি সোমবারের আপিল বিভাগের কার্যতালিকাভুক্ত রয়েছে।

পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতার ৪১ বছর পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি প্রথম রায় ছিল। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল আবুল কালাম আযাদের বিরুদ্ধে।

দীর্ঘদিন পর চলতি বছরের ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। তখন জানা যায়, আত্মসমর্পণ করে আপিলের শর্তে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের সাজা স্থগিত করেছিলেন রাষ্ট্রপতি। এর ধারাবাহিকতায় তিনি ২১ জানুয়ারি আত্মসমর্পণ করেছেন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আপিলের জন্য নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।


বিডিএলপিবি/এমএম
সূত্র: স্টার নিউজ

নিয়োগকালীন বিধিমালা উপেক্ষা করে এমপিওভুক্তদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না: হাইকোর্টের রায়

নিয়োগকালীন বিধিমালা উপেক্ষা করে এমপিওভুক্তদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না: হাইকোর্টের রায়

ছবি: সংগৃহীত 
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নিয়োগকালীন বিধিমালা উপেক্ষা করে নতুন কোনো শর্ত বা বিধি অতীত থেকে বলবৎ দেখিয়ে শিক্ষক-কর্মচারীদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, মর্মে রায় দিয়েছেন মহামান্য হাইকোর্ট।

এমপিও সংক্রান্ত চার শিক্ষকের করা এক রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে দেওয়া রায়ে এমন যুগান্তকারী পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। মো. আবু হানিফ ও অন্যান্য বনাম রাষ্ট্র এবং অন্যান্য শীর্ষক মামলায় হাইকোর্ট এমন পর্যবেক্ষণ দিয়েছেন। গত ৩০ জুন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চের দেওয়া ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হয়েছে।

রায় প্রদানকালে আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আতাউর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওয়ালিউল ইসলাম অলি ও মোহাম্মদ রাশেদুল হাসান।

মামলার ফ্যাক্ট: ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রবিধান (রেগুলেশন ২০১৫) অনুসরণ করে নাটোরের গুরুদাসপুর উপজেলার রোজি মোজাম্মেল মহিলা কলেজে অর্থনীতি, মনোবিজ্ঞান, ইংরেজি ও সমাজকল্যাণ বিভাগে প্রভাষক (তৃতীয় শিক্ষক) পদে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর নিয়োগ পান মো. আবু হানিফসহ চারজন শিক্ষক। নিয়োগের পরদিন ৩০ ডিসেম্বর তারা প্রভাষক পদে যোগদান করেন।
পরবর্তী সময়ে ২০২০ সালের ১৯ এপ্রিল কলেজটি এমপিওভুক্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর তারিখের এনটিআরসিএ পরিপত্রের পূর্বে বিজ্ঞপ্তিপ্রাপ্ত এবং ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ দেওয়া হয়। সেই মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক প্রকাশিত ৭২৬ জন শিক্ষকের তালিকায় তাদের নামও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু চূড়ান্ত পর্যায়ে অনলাইন প্রক্রিয়ায় তাদের এমপিও আবেদন এই অজুহাতে নামঞ্জুর করা হয় যে, তাদের ‘NTRCA সনদ নেই’। পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই চার শিক্ষক উচ্চ আদালতে রিট আবেদন করেন।

হাইকোর্টের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত:  রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, নিয়োগকারী কর্তৃপক্ষের প্রশাসনিক প্রয়োজনে চাকরির বিধিমালা পরিবর্তন বা পরিমার্জনের এখতিয়ার রয়েছে, তবে তা কোনোভাবেই ইতোপূর্বে চাকরিতে যোগদানকারী কর্মচারীর অর্জিত অধিকারকে ক্ষুণ্ন করতে পারে না।

রায়ে নিয়োগকালীন প্রবিধানের প্রাধান্য পাওয়ার বিষয়টি উল্লেখ করে আদালত বলেছেন, ২০১৫ সালে যখন এই চার শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালায় এনটিআরসিএ সনদের কোনো শর্ত ছিল না। ডিগ্রি (পাস) পর্যায়ের কলেজ শিক্ষকদের জন্য এই সনদের বাধ্যবাধকতা ২০১৯ সালের প্রবিধানে প্রথম জারি করা হয়।

আদালত আরও বলেছেন, রাষ্ট্রপক্ষ তৃতীয় শিক্ষক পদটি জনবল কাঠামোতে নেই বলে দাবি করলেও সরকার নিজেই একাধিক পরিপত্রের মাধ্যমে তৃতীয় শিক্ষকদের এমপিও সুবিধার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই দাবির কোনো আইনি ভিত্তি নেই।

আদালত বলেন, এমপিও মঞ্জুর করা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় হলেও, তা যদি যুক্তিসঙ্গত আইনি ভিত্তি ছাড়া খেয়ালখুশিমতো বা স্বেচ্ছাচারী উপায়ে করা হয়, তবে তা সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী বিচার্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে।

চূড়ান্ত রায়ে হাইকোর্ট এনটিআরসিএ সনদ না থাকার অজুহাতে চার প্রভাষকের এমপিও আবেদন প্রত্যাখ্যানের অনলাইন সিদ্ধান্তকে বাতিল করে ২০২৪ সালের নভেম্বর মাস থেকে রিটকারী চারজনের নাম মান্থলি পে অর্ডার (এমপিও) তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

রায়ে আদেশের অনুলিপি প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে ২০২৪ সালের নভেম্বর থেকে প্রযোজ্য সব বকেয়াসহ আর্থিক সুবিধাদি চার রিটকারীদের পরিশোধ করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়।


বিডিএলপিবি/এমএম
সূত্র: ঢাকা পোস্ট

জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিচারকের

জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিচারকের

ছবি: কোলাজ ছবি 
জামালপুর সদরে দাঁড়িয়ে থাকা এক রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় প্রাইভেট কারে থাকা এ কে এম সামিউল হক নামে একজন বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোর ৪ টার দিকে লাহেড়িকান্দা বাজার এলাকায় এই  দুর্ঘটনা ঘটে।

নিহত এ কে এম সামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিছরাকান্দা এলাকার সাবেক পরিকল্পনা সচিব এ কে এম ফজলুল হকের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কর্মস্থল জামালপুরে ফিরছিলেন সিভিল জজ এ কে এম সামিউল হক। ভোরে লাহেড়িকান্দা বাজারে দাঁড়িয়ে থাকা এক রডবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বিচারকের। আহত প্রাইভেটকার চালককে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় সিভিল জজ এ কে এম সামিউল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


বিডিএলপিবি/এমএম
সূত্র: দ্য নিউজ ২৪



১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত 
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা ও কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত মিজানুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগারগাঁওয়ে মিজানের দোকানের সংযোগ বিচ্ছিন্ন করতে সেখানে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় মিজান তাদের কাজে বাধা দেন এবং চড়াও হন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও তিনি আঘাত করেন বলে জানায় পুলিশ। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লখ্য, মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন মিজানুর রহমান। এ কারণে তিনি ‘ভাইরাল মিজান’ নামে পরিচিতি পান।



বিডিএলপিবি/এমএম
সূত্র: বাংলা নিউজ ২৪