৮ জুল, ২০২৬

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো মেননকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো মেননকে

ছবিঃ সংগৃহীত

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৮ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান গত ৩০ জুন মেননকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেদিন শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেন আদালত।

গত বছরের ২২ ডিসেম্বর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগে রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির নিয়োগ বোর্ড গঠনের ক্ষমতা না থাকলেও অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বা তার প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। এছাড়া বিজ্ঞাপনে চাওয়া এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের আবেদন ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এমনকি নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন স্কুলটির সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সাবেক সদস্যসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেনসহ গভর্নিং বডির কয়েকজন সাবেক সদস্য, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। জুলাই আন্দোলন দমনে হত্যাসহ একাধিক মামলায় তিনি আসামি। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে একটি মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।

বিডিএলপিবি/এমএম

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুমনকে গ্রেফতার দেখানোর নির্দেশ

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুমনকে গ্রেফতার দেখানোর নির্দেশ

ছবিঃ সংগৃহীত 

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। তিনি নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য। 

আজ (বুধবার) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনকালে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে 'ময়ূর ভিলা'র সামনে গুলিবিদ্ধ হয়ে হত্যাচেষ্টার শিকার হন মো. সোহেল রানা। দীর্ঘদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সুস্থ হয়ে ২০২৫ সালের ১১ জুন নিজে বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।


বিডিএলপিবি/এমএম

সরস- বাসস

বাংলাদেশ ন্যাশনালিস্ট লইয়ার্স ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ ন্যাশনালিস্ট লইয়ার্স ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবিঃ সংগৃহীত

‘বাংলাদেশ ন্যাশনালিস্ট লইয়ার্স ক্লাব’ নামে নতুন একটি আইনজীবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এতে এডভোকেট মো. আলমগীর হোসেনকে আহবায়ক ও এডভোকেট আনোয়ারুল ইসলামকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনটি ৮৪ সদস্যদের কমিটি ঘোষণা করে। এছাড়া ১৬ সদস্যের উপদেষ্টামণ্ডলীর সদস্য রাখা হয়েছে।

সংগঠনটির প্রকাশিত ঘোষণাপত্রে বলা হয়েছে, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচারের আদর্শে বিশ্বাসী আইনজীবীদের একটি সুসংগঠিত, কার্যকর ও প্রগতিশীল প্ল্যাটফর্ম গড়ে তোলাই এর লক্ষ্য। 

ঘোষণাপত্রে আরও বলা হয়, আইনজীবীদের পেশাগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশে সহায়তা, নবীন আইনজীবীদের প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার, প্রকাশনা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইনজীবীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে সংগঠনটি। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা ও জাতীয় স্বার্থ সংরক্ষণেও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।


বিডিএলপিবি/এমএম
প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের ভাইভা নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ

প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের ভাইভা নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ

ছবি: সংগৃহীত 

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এছাড়া, প্রথম রিভিউয়ের ফল বাতিল করে আবেদনকারীদের এনরোলমেন্ট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।

রায়ে বলা হয়, এনরোলমেন্ট কমিটিকে তাদের সুবিধাজনক ও যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ভাইভা পরীক্ষার তারিখ নির্ধারণ করতে হবে। শুধু রিটকারী নন, প্রথম রিভিউয়ের ফলাফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও যারা রিট করেননি, তাদেরকেও রিটকারীদের মতো ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।

এর আগে গত ১০ জুন এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্টের এই বেঞ্চ। বুধবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো।আদালতে পরীক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

মামলার প্রেক্ষাপট থেকে জানা যায়, বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষাসংক্রান্ত প্রথম রিভিউয়ের ফলাফল গত বছরের ১৮ নভেম্বর প্রকাশ করা হয়। কিন্তু গত বছরের ২৪ নভেম্বর সেই ফল বাতিল করে রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল। এরপর দ্বিতীয় রিভিউয়ের ফল ঘোষণা করা হয় এবং দ্বিতীয় রিভিউ পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা নেওয়া হয়।

প্রথম রিভিউয়ের ফল বাতিলের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ৬৩২ জন পরীক্ষার্থী। সেই রিটের চূড়ান্ত শুনানি শেষেই এই রায় দিলেন উচ্চ আদালত।


বিডিএলপিবি/এমএম

আরেক মামলায় গ্রেফতার খায়রুল হক, কারামুক্তি আপাতত স্থগিত

আরেক মামলায় গ্রেফতার খায়রুল হক, কারামুক্তি আপাতত স্থগিত

ছবি: সংগৃহীত 

বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। 

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, খায়রুল হককে এদিন আদালতে হাজির করা হয়নি। ভার্চুয়ালি উপস্থিত দেখিয়ে শুনানি হয়। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সাইফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। 

আসামির উপস্থিতিতে গ্রেফতার দেখানো বিষয়ে শুনানির জন্য ৬ জুলাই ধার্য করা হয়। তবে ওইদিন মামলার মূল নথি না থাকায় শুনানি হয়নি। ওদিন শুনানি উপলক্ষ্যে খায়রুল হককে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএস আদালতের হাজতখানায় রাখা হয়।

এদিকে সাবেক এই প্রধান বিচারপতিকে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশনা দেন হাইকোর্ট। গত ১৭ মে বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। জুলাই গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত দুটি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গত ১২ মে বিচারপতি খায়রুল হক হাইকোর্টে জামিন পান। আদেশের পরে তার আইনজীবীরা জানিয়েছিলেন, সব মামলায় জামিন হওয়ায় আপাতত খায়রুল হকের কারামুক্তিতে আইনি বাধা নেই। তবে এরই মধ্যে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিনের পর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানায় খোয়াইব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে ৩০ জুন এ মামলায় খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২ জুলাই আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক তার জামিন বহাল রাখার এ আদেশ দেন।

বনানী থানার মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট দুপুরে মহাখালীতে সেতু ভবনের সামনে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। সেখান থেকে তাদের শাহবাগ যাওয়ার পথে হামলা, গুলি ও হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।


বিডিএলপিবি/এমএম

আসামির পক্ষে নিহত কিশোরীর বাবা-মায়ের জবানবন্দি নিয়ে প্রশ্ন

আসামির পক্ষে নিহত কিশোরীর বাবা-মায়ের জবানবন্দি নিয়ে প্রশ্ন

ছবি: সংগৃহীত 

শরীয়তপুরের জাজিরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাই কোর্ট বেঞ্চ সোমবার শুনানি শেষে এই রায় দেয়।

এর কারণ- রিমার বাবা-মার জবানবন্দি, মনে করছেন আইনজীবীরা। ‘রিমা বিবাহিত ছিল না। কিছুটা অনিয়ন্ত্রিত জীবনযাপন করত মেয়েটা। এখন পর্যন্ত জানি না, মেয়েকে কে বা কারা হত্যা করেছে। উপস্থিত আসামিরা খালাস পেলে আমার আপত্তি নাই।’ মামলার বাদী রিমার বাবা ইলিয়াস একথাই বলেছিলেন আদালতে দেওয়া জবানবন্দিতে।

প্রায় একই জবানবন্দি রিমার মা নারগিস আক্তারের। তিনি বলেছেন, ‘মেয়ে লেখাপড়ার পাশাপাশি আশেপাশের বাড়িতে যেত আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বোঝানোর চেষ্টা করি। এ মামলার বিষয়বস্তু সম্পর্কে জানি না। আসামিরা আমার মেয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না। আসামিরা সকলেই বিবাহিত। তারা খালাস পেলে আপত্তি নাই।’

বাবা-মায়ের এমন জবানবন্দির পরেও পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করে মামলার বিচার শুরু করেন আদালত। ২০১৯ সালের ৭ মে মামলায় রায় দেন শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। চার আসামিকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। তারা হলেন- চুন্নু মোড়ল, নুরু মোড়ল, সেলিম চৌকিদার ও স্বপ্না বেগম।


বিডিএলপিবি/এমএম

প্রতারণার মামলায় সিটি গ্রুপের এমডি হাসানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতারণার মামলায় সিটি গ্রুপের এমডি হাসানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছবি: সংগৃহীত 

সময় মিডিয়া লিমিটেডের (সময় টিভি) বিজ্ঞাপন বিল বাবদ ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা মামলায় সিটি গ্রুপের এমডি মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে গেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন- সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা।

গতকাল মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারীর সহকারী অঙ্কন ম-ল এতথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর এখতিয়ার বহির্ভূতভাবে ওই মাসের বিজ্ঞাপন বিল মওকুফের নোটিশ দেন। আসামিরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা সময় টিভির আগস্ট মাসের বিজ্ঞাপন বিল বাবদ মোট ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা উত্তোলন করে কোম্পানির হিসাব বিভাগে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

পরবর্তীতে ই-মেইল মারফত অর্থ ও রসিদ বই ফেরত দেয়ার নোটিশ দেওয়া হলেও তারা কোনো জবাব দেননি। ওই ঘটনায় সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের বাদী হয়ে আদালতে এই নালিশী মামলাটি দায়ের করেন। এরপর আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পূর্বে সমন জারি করেছিলেন। আজ নির্ধারিত দিনে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


বিডিএলপিবি/এমএম