৮ জুল, ২০২৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনী ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার

সংবিধানের পঞ্চদশ সংশোধনী ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার

ছবিঃ সংগৃহীত

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের রায় আগামীকাল (বৃহস্পতিবার)। টানা তিনদিন শুনানির পর আজ (বুধবার) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ রায়ের দিন ধার্য করে আদেশ দেন।

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন আরেকটি আপিল করেন।  এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অপর আপিলটি করেন।

আদালতে সুজন সম্পাদকসহ চার ব্যক্তির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইঁয়া। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবী কারিশমা জাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। 

জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এছাড়া অপর আপিলকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ ওই সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। 

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে সুজন সম্পাদকসহ পাঁচ ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন হাইকোর্টে পৃথক রিট হয়। এসব রিটের শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন।

ওই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। আর এই দুটিসহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪ (২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। 

এছাড়া হাইকোর্টের রায়ে গণভোটের বিধান সংক্রান্ত ১৪২ অনুচ্ছেদ (দ্বাদশ সংশোধনী আইনের মাধ্যমে আনা) পুনর্বহাল করা হয়। সেই সঙ্গে পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে, অন্য বিধানগুলোর বিষয়ে আইন অনুসারে পরবর্তী সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়।


বিডিএলপিবি/এমএম

সোর্স- বাসস

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার যুবক রিমান্ডে

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার যুবক রিমান্ডে

গুলিবিদ্ধ সাইফুল ইসলাম সিজু (বামে) ও গ্রেফতার শান্ত (ডানে)। ছবিঃ সংগৃহীত

ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলির ঘটনায় গ্রেফতার কাওছার ভুঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে (২৪) চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার (৮ জুলাই) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার পেছনের কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শান্তকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ব্যবহৃত কার্তুজ, দুটি তাজা কার্তুজ এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়। 

এর আগে মিরপুর-১০ নম্বর এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। সিজু মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওসি হাফিজুর রহমান বলেন, এর আগেও অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন শান্ত। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে এবং ওই মামলায় তিনি অভিযোগপত্রভুক্ত আসামি। গোপালগঞ্জের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে তিনি মিরপুর এলাকায় বসবাস করে আসছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে।

বিডিএলপিবি/এমএম

আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ আগস্ট

আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ আগস্ট

ছবিঃ সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।  

বুধবার (৮ জুলাই)  ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুস সালাম এই দিন ধার্য করেন। তবে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি। এজন্য ভারপ্রাপ্ত বিচারক শুনানির নতুন দিন ধার্য করেন। এর আগে গত ২৪ মে একই কারণে শুনানি পেছানো হয়েছিল। 

মামলার অন্য আসামিরা হলেন— আসাদুজ্জামানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান। 

অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য থাকায় কারাগারে আটক আসামি জ্যোতিকে আদালতে হাজির করা হয়।  

২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেয় দুদক।  

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া এই আসামি ৯টি ব্যাংক হিসেবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনেদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করেছেন।

আসামিদের বিরুদ্ধে কমিশন থেকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়। 


বিডিএলপিবি/এমএম

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো মেননকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো মেননকে

ছবিঃ সংগৃহীত

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৮ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান গত ৩০ জুন মেননকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেদিন শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেন আদালত।

গত বছরের ২২ ডিসেম্বর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগে রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির নিয়োগ বোর্ড গঠনের ক্ষমতা না থাকলেও অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বা তার প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। এছাড়া বিজ্ঞাপনে চাওয়া এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের আবেদন ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এমনকি নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন স্কুলটির সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সাবেক সদস্যসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেনসহ গভর্নিং বডির কয়েকজন সাবেক সদস্য, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। জুলাই আন্দোলন দমনে হত্যাসহ একাধিক মামলায় তিনি আসামি। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে একটি মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।

বিডিএলপিবি/এমএম

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুমনকে গ্রেফতার দেখানোর নির্দেশ

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুমনকে গ্রেফতার দেখানোর নির্দেশ

ছবিঃ সংগৃহীত 

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। তিনি নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য। 

আজ (বুধবার) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনকালে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে 'ময়ূর ভিলা'র সামনে গুলিবিদ্ধ হয়ে হত্যাচেষ্টার শিকার হন মো. সোহেল রানা। দীর্ঘদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সুস্থ হয়ে ২০২৫ সালের ১১ জুন নিজে বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।


বিডিএলপিবি/এমএম

সরস- বাসস

বাংলাদেশ ন্যাশনালিস্ট লইয়ার্স ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ ন্যাশনালিস্ট লইয়ার্স ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবিঃ সংগৃহীত

‘বাংলাদেশ ন্যাশনালিস্ট লইয়ার্স ক্লাব’ নামে নতুন একটি আইনজীবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এতে এডভোকেট মো. আলমগীর হোসেনকে আহবায়ক ও এডভোকেট আনোয়ারুল ইসলামকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনটি ৮৪ সদস্যদের কমিটি ঘোষণা করে। এছাড়া ১৬ সদস্যের উপদেষ্টামণ্ডলীর সদস্য রাখা হয়েছে।

সংগঠনটির প্রকাশিত ঘোষণাপত্রে বলা হয়েছে, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচারের আদর্শে বিশ্বাসী আইনজীবীদের একটি সুসংগঠিত, কার্যকর ও প্রগতিশীল প্ল্যাটফর্ম গড়ে তোলাই এর লক্ষ্য। 

ঘোষণাপত্রে আরও বলা হয়, আইনজীবীদের পেশাগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশে সহায়তা, নবীন আইনজীবীদের প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার, প্রকাশনা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইনজীবীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে সংগঠনটি। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা ও জাতীয় স্বার্থ সংরক্ষণেও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।


বিডিএলপিবি/এমএম
প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের ভাইভা নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ

প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের ভাইভা নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ

ছবি: সংগৃহীত 

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এছাড়া, প্রথম রিভিউয়ের ফল বাতিল করে আবেদনকারীদের এনরোলমেন্ট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।

রায়ে বলা হয়, এনরোলমেন্ট কমিটিকে তাদের সুবিধাজনক ও যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ভাইভা পরীক্ষার তারিখ নির্ধারণ করতে হবে। শুধু রিটকারী নন, প্রথম রিভিউয়ের ফলাফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও যারা রিট করেননি, তাদেরকেও রিটকারীদের মতো ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।

এর আগে গত ১০ জুন এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্টের এই বেঞ্চ। বুধবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো।আদালতে পরীক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

মামলার প্রেক্ষাপট থেকে জানা যায়, বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষাসংক্রান্ত প্রথম রিভিউয়ের ফলাফল গত বছরের ১৮ নভেম্বর প্রকাশ করা হয়। কিন্তু গত বছরের ২৪ নভেম্বর সেই ফল বাতিল করে রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল। এরপর দ্বিতীয় রিভিউয়ের ফল ঘোষণা করা হয় এবং দ্বিতীয় রিভিউ পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা নেওয়া হয়।

প্রথম রিভিউয়ের ফল বাতিলের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ৬৩২ জন পরীক্ষার্থী। সেই রিটের চূড়ান্ত শুনানি শেষেই এই রায় দিলেন উচ্চ আদালত।


বিডিএলপিবি/এমএম