ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলির ঘটনায় গ্রেফতার কাওছার ভুঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে (২৪) চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার (৮ জুলাই) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার পেছনের কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শান্তকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ব্যবহৃত কার্তুজ, দুটি তাজা কার্তুজ এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
এর আগে মিরপুর-১০ নম্বর এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। সিজু মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি হাফিজুর রহমান বলেন, এর আগেও অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন শান্ত। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে এবং ওই মামলায় তিনি অভিযোগপত্রভুক্ত আসামি। গোপালগঞ্জের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে তিনি মিরপুর এলাকায় বসবাস করে আসছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে।
বিডিএলপিবি/এমএম

0 coment rios: