৩ অক্টো, ২০২৬

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার দাবি, আইনি নোটিশ

ছবি: সংগৃহীত 
সংবিধান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ), জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে নোটিশের প্রাপক করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে সরকার জাতীয় সংসদের মাধ্যমে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে পারে। পরবর্তী সময়ে সংস্কারের বিষয়টি জনগণের অনুমোদনের জন্য জাতীয় গণভোটে উপস্থাপনের কথাও উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, সংবিধানের এই সম্ভাব্য পুনর্মূল্যায়নের প্রেক্ষাপটে রাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন নীতি ও মতবাদগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন। নোটিশদাতার দাবি, সংবিধানের প্রস্তাবনা ও মৌলিক রাষ্ট্রীয় নীতিতে থাকা ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

‘সমাজতন্ত্র’ প্রসঙ্গে নোটিশে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সংজ্ঞার উল্লেখ করে বলা হয়েছে, সমাজতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো উৎপাদনের উপকরণ ও সম্পদের ওপর রাষ্ট্রীয় বা সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। নোটিশদাতার মতে, বর্তমান মুক্তবাজার অর্থনীতির বাস্তবতায় এ ধরনের নীতির সাংবিধানিক উপস্থিতি বেসরকারি বিনিয়োগ ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নোটিশে আরও দাবি করা হয়েছে, সংবিধানে ‘সমাজতন্ত্র’ শব্দটি বহাল থাকায় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে জাতীয়করণসহ বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। এর ফলে দেশে বিদেশি বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হচ্ছে না এবং বেসরকারি খাতের পূর্ণ বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে বলে নোটিশদাতার অভিমত।

এ কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগের নিরাপত্তা ও বেসরকারি খাতের বিকাশের স্বার্থে সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮ ও অনুচ্ছেদ ১০ থেকে ‘সমাজতন্ত্র’ শব্দটি বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সংবিধানের প্রস্তাবনা ও সংশ্লিষ্ট বিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ারও দাবি করা হয়েছে।

আইনি নোটিশে ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করে জাতীয় গণভোটের মাধ্যমে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ সংবিধান থেকে অপসারণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হতে পারে।


বিডিএলপিবি/এমএম

সূত্র: বাংলা নিউজ ২৪


শেয়ার করুন

0 coment rios: