২৪ অক্টো, ২০২৬

আইনজীবীদের স্থান সংকট নিরসনে ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ প্রধান বিচারপতির

ছবি: সংগৃহীত 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের বসার স্থান সংকট নিরসন এবং আদালত প্রাঙ্গণের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ লক্ষ্যে আইনজীবীদের জন্য প্রস্তাবিত ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালু, অ্যাডভোকেট লাউঞ্জ সম্প্রসারণ এবং জরাজীর্ণ অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে সমিতির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় আইনজীবীদের পেশাগত কাজের উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে সমিতির সম্পাদক আইনজীবীদের বসার স্থানের তীব্র সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, এ সমস্যা সমাধানে ২০২০ সালে ‘ভবন-২০২০’ নামে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রকল্পটির কাজও শুরু হয়েছিল। তবে পরবর্তী সময়ে তা আর বাস্তবায়িত হয়নি।

প্রকল্পটির পটভূমি তুলে ধরে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, তৎকালীন প্রধান বিচারপতির অনুমোদনক্রমে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। সে সময় তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক কারণে প্রকল্পটির বাস্তবায়ন বন্ধ হয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

‘ভবন-২০২০’ প্রকল্পটি পুনরায় চালুর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন প্রধান বিচারপতি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি ভবন নির্মাণের নকশা ও প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের জন্য বিদ্যমান অ্যাডভোকেট লাউঞ্জের পরিসর বাড়ানোর প্রস্তাবও উত্থাপন করা হয়। প্রধান বিচারপতি এ প্রস্তাবের প্রতিও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। পাশাপাশি আইনজীবী সমিতি প্রাঙ্গণের চলাচলের রাস্তা, করিডোর ও ড্রেনের বেহাল অবস্থার বিষয়টি আলোচনায় এলে এসব অবকাঠামো দ্রুত সংস্কারের নির্দেশনা দেন তিনি।

আইনজীবীদের নামাজের স্থানসংক্রান্ত সমস্যাও বৈঠকে তুলে ধরা হয়। প্রধান বিচারপতি মনে করেন, ‘ভবন-২০২০’ প্রকল্প বাস্তবায়িত হলে আইনজীবীদের বসার জায়গার সংকটসহ আরও বেশ কিছু সমস্যার সমাধান সম্ভব হবে।

এ ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধান বিচারপতি। আইনজীবীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

আইন পেশার মর্যাদা ও পরিবেশ অক্ষুণ্ণ রাখার পাশাপাশি বিচারক ও আইনজীবীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন প্রধান বিচারপতি।

বৈঠকে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হক, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিকা আর হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী এবং আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: দ্য ডেইলি অবজারভার, ২৪ অক্টোবর ২০২৬।


শেয়ার করুন

0 coment rios: