২৯ জুল, ২০২৬

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা: জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ হাইকোর্টের

ছবিঃ সংগৃহীত 
আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তথ্য গোপন করে হাইকোর্টে মামলা করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে এই টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে এই টাকা আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় ব্যয় করতে নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পরে অ্যাটর্নি জেনারেল বলেন, সংশ্লিষ্ট কোম্পানি একই বিষয়ে আগে হাইকোর্টে রিট করে আদেশ পেলেও, সেই আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছিলেন। এরপরও তারা অধস্তন আদালতে নতুন মামলা করে এবং হাইকোর্টে নিষেধাজ্ঞা চাইতে গিয়ে আগের রিট, আপিল বিভাগের স্থগিতাদেশ ও চলমান কার্যক্রমের তথ্য গোপন করেন

তিনি আরও বলেন, আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা করা আদালতের প্রতি প্রতারণার শামিল। বিষয়টি আদালতের নজরে আনা হয়। আদালতে রিটকারী পক্ষের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং জানান, আগের মামলার তথ্য তাদের জানানো হয়নি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আদালতের প্রতি এমন প্রতারণার জন্য দৃষ্টান্তমূলক অর্থদণ্ডের আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট কোম্পানিকে এক মাসের মধ্যে ৫ কোটি টাকা সুপ্রিম কোর্টে জমা দিতে নির্দেশ দিয়েছেন। এই অর্থ জুলাই গণআন্দোলনে আহতদের চিকিৎসায় ব্যয় করা হবে।

তিনি বলেন, এই আদেশ আদালতের প্রতি অসততা ও তথ্য গোপনের বিরুদ্ধে একটি শক্ত বার্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের দৃঢ় অবস্থানের প্রতিফলন।

বিডিএলপিবি/এমএম

সূত্রঃ গণমাধ্যমে দেওয়া অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎকার ও সুপ্রিম কোর্টের ওয়েবসাইট। 


শেয়ার করুন

0 coment rios: