স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।সোমবার (৬ জুলাই) শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম এই জামিন আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ জামিনের বিরোধিতা করেন।
এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ২১ জুন আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ২৪ জুন শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৩০ জুন তাকে আবার কারাগারে পাঠানো হয়। একই মামলায় গত ৪ জুন আত্মসমর্পণের পর জামিন পান আলভীর মা নাসরিন সুলতানা।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি বেলা পৌনে ১২টার দিকে পল্লবী ডিওএইচএসের বাসা থেকে ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ইকরার মৃত্যুর পর ওই রাতেই তার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নানা ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
বিডিএলপিবি/এমএম

0 coment rios: