রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা এবং দেশের স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
রিটে দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোয় বিদ্যমান অনিয়ম, চিকিৎসায় অবহেলা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে।
ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু গতকাল এই রিট আবেদনটি দায়ের করেন। শুক্রবার (৫ জুন) বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
রিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাবের মহাপরিচালককে (ডিজি) বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বর্তমান অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ অভিযান ও পরিদর্শন পরিচালনা; আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র), সিসিইউ, এইচডিইউ এবং এনআইসিইউ সুবিধার কার্যকারিতা যাচাই; অননুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দেশের স্বাস্থ্যসেবা খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা জারির প্রার্থনা করা হয়েছে।
আবেদনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫, ১৮, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের জীবন, স্বাস্থ্যসেবা ও আইনের সমান সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসায় অবহেলা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং নিয়ন্ত্রক সংস্থার পর্যাপ্ত তদারকির অভাব জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।
এর আগে, গত ৩১ মে ২০২৬ তারিখে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়েছিল। নোটিশে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হলেও পরবর্তী সময়ে দৃশ্যমান কোনো সন্তোষজনক ব্যবস্থা না নেওয়ায় জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করা হয়েছে বলে জানা যায়।
রিটে আরও প্রার্থনা করা হয়, আদালত যেন দেশের স্বাস্থ্যসেবা খাতে জবাবদিহিতা, স্বচ্ছতা ও রোগী নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বিডিএলপিবি/এমএম

0 coment rios: