১ জুন, ২০২৬

প্রাইম এশিয়া ছাত্র হত্যা মামলা: আদালতে দুই ছাত্রীসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট


ছবি: সংগৃহীত 

ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বিরোধ মীমাংসার পরও পারভেজকে হত্যার ঘটনায় প্ররোচনা ও পরিকল্পনার অভিযোগ পাওয়া গেছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ (২৩) হত্যা মামলায় দুই ছাত্রীসহ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার (৩১ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন আদালতে এই চার্জশিট জমা দেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় আটজনকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

পুলিশি তদন্তে জানা গেছে, ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে দুই পক্ষের মধ্যে বিরোধের নিষ্পত্তি করা হয়। সেখানে পারভেজ ক্ষমাও চেয়েছিলেন। তবে তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দুই শিক্ষার্থী ঐশী ও টিনার প্ররোচনায় পরবর্তী সময়ে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত প্রাণ হারান পারভেজ।

তদন্ত সূত্রে জানা যায়, গত বছরের ১৯ এপ্রিল বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দুই বন্ধুর সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন পারভেজ। এ সময় পাশেই অবস্থান করা দুই ছাত্রী তার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ তোলেন। পরে তারা নিজেদের পরিচিতদের ঘটনাস্থলে ডাকেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করলেও ক্ষোভ প্রশমিত হয়নি। অভিযোগ রয়েছে, ইংরেজি বিভাগের তিন শিক্ষার্থী মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী ঘটনাটিকে নতুন মাত্রা দেন। তারা হাজারীপাড়া এলাকার কয়েকজন বহিরাগত যুবককে সঙ্গে নিয়ে পারভেজের ওপর হামলা চালান।

হামলার সময় পারভেজ ছুরিকাঘাতে গুরুতর আহত হন। প্রাণ বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাকে আবারও আক্রমণ করা হয়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে ওই রাতেই বনানী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। প্রায় এক বছরেরও বেশি সময় তদন্তের পর মামলার চার্জশিট আদালতে জমা দিল পুলিশ।


বিডিএলপিবি/এমএম


শেয়ার করুন

0 coment rios: