১৭ মে, ২০২৬

বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

ছবিঃ সংগৃহীত 

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন শোনেননি হাইকোর্ট। এ বিষয়ে আদালত বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবো না।

এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মহসীন রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। এদিকে বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

পরে ব্যারিস্টার মাহিন এম রহমান বলেন, আদালত বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে কোনও ধরনের হস্তক্ষেপ করবো না। এর আগে বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করেছিলেন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি।

এদিকে গত ১৬ মে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন এই রিট আবেদনটি দায়ের করেন।


বিডিএলপিবি/এমএম


শেয়ার করুন

0 coment rios: