রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ঘটনায় এক বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এ ধরনের অভিযোগ তদন্তের বিষয়টি সরকারের নয়, এটি দেখার ভার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের।’ শনিবার ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উইলস লিটল ফ্লাওয়ার্স স্কুলের একটি ঘটনা আলোচনায় এসেছে। সেখানে একজন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ আছে কি না- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিষয়টি আইন মন্ত্রণালয়ের না। কারণ এটা সুপ্রিম কোর্টের একজন বিচারপতির বিষয়ে যদি মিসকন্ডাক্টের অভিযোগ আসে, সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেখবে।’ ‘আইন মন্ত্রণালয় বা সরকারের কোনোরকম কর্তব্য, দায়িত্ব, সম্পৃক্ততা নেই-’ উল্লেখ করেন তিনি।
১৬ এপ্রিল রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে এক শিক্ষকের সঙ্গে এক শিক্ষার্থীর ‘অপ্রীতিকর’ ঘটনা ঘটে। পরবর্তীতে একে কেন্দ্র করে প্রতিষ্ঠানের ভেতরে অসন্তোষ তৈরি হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শ্রেণিকক্ষের ওই ঘটনার পর মাধ্যমিক শাখার ওই শিক্ষককে এক বিচারপতি অভিভাবকের বাসভবনে ডেকে নিয়ে অপমান করা হয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। একইসঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

0 coment rios: