২৯ মে, ২০২৬

কুমিল্লায় জালনোট ব্যবসায়ী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত 

জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালনোটসহ জালনোট ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২।বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১ লাখ ৯৭ হাজার ৬শ’ টাকা সমমূল্যের জালনোট উদ্ধার করা হয়। এর মধ্যে ৫শ’ টাকার ২০২টি এবং ২শ’ টাকার ৪৮৩টি জাল নোট ছিল।

এ সময় জালনোট ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার গোলাম হোসেনের ছেলে নিশান ইসলাম (২৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার পাথুরিয়াপাড়া এলাকার মৃত খবির মিয়ার ছেলে সোহেল আরমান (৪৪)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জালনোট ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। 
তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় জালনোট সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

বিশেষ করে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও বিভিন্ন মার্কেটে জাল টাকা ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার পরিকল্পনা ছিল বলেও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সোর্স: বাসস

বিডিএলপিবি/এমএম


শেয়ার করুন

0 coment rios: