২৪ মে, ২০২৬

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

ছবি: সংগৃহীত 

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

শুনানি চলাকালীন আদালতের অনুমতি নিয়ে সুব্রত বাইনের মেয়ে বিথি বলেন, 'এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন? আমার বাচ্চা আছে। বারবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি চাকরি করে চলি। এত টাকা কই পাব? আমি কোনো রাজনীতির সাথে জড়িত না।' 

'ছাত্রলীগ, যুবলীগের সাথে জড়িত থাকব কীভাবে? শুধুমাত্র বাবার কারণে আমাকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। আমার ১৩ বছরের একটা মেয়ে বাচ্চা আছে। এর আগে আমি একটি মামলায় জামিন পেয়েছিলাম। পরে আবারও সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বারবার এত মামলা দেওয়ার কারণ কী জানিনা। আমি সেদিন আমার বাবাকে দেখতে গেছিলাম। সেখান থেকেই আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। বাবা হিসেবে তাকে দেখতে যেতেই পারি। আমি জুলাইয়ের সময় পার্ট-টাইম জবের জন্য সিলেট গিয়েছিলাম। এর বাহিরে আমার কিছুই জানা নেই', আরও বলেন তিনি। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এই মামলার সাথে আসামির সম্পৃক্ততা থাকায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তারের আবেদন করেছেন। শুনানিকালে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

পুলিশের করা আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সাথে সন্দেহভাজন আসামি খাদিজা ইয়াসমিন বিথির প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে, বিধায় এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর খাদিজা ইয়াসমিনকে কুমিল্লা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।


শেয়ার করুন

0 coment rios: