অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৬টি মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মলয় কুমার দাস।
অভিযুক্ত ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস যশোর জেলার মণিরামপুর থানার কুলটিয়া এলাকার মৃত বিরাট চন্দ্র বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি পাবনার দিলালপুর এলাকার স্টার অ্যাপার্টমেন্টের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগে পূর্বপরিকল্পিতভাবে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অর্থবছরে পণ্যসামগ্রীর মূল্য প্রকৃত বাজারদরের চেয়ে বেশি দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় তদন্ত শেষে ২০২২ সালে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার সাবেক সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) শহীদুল আলম সরকার বাদী হয়ে মামলাগুলো করেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাদ ইকবাল লিটন ও আলী রেজা পারভেজ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

0 coment rios: