পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৬টার দিকে পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকার মিলগেট বাজার-ফুলতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পঞ্চগড় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোলায়মান হক। পথিমধ্যে আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকা তার মাথা পিষ্ট করে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।

0 coment rios: