২২ আগ, ২০২৬

হাইকোর্টে ১৩ কার্যদিবসে ৬৭ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি

হাইকোর্টে ১৩ কার্যদিবসে ৬৭ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি

ছবি: সংগৃহীত 
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ উদ্যোগের আওতায় মাত্র ১৩ কার্যদিবসে ৬০ হাজার ৪৪৮টি পুরোনো ক্রিমিনাল মিস (ফৌজদারি বিবিধ) মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এরমধ্যে বৃহস্পতিবার (২০ আগস্ট) ১৩টি বেঞ্চে এক দিনেই ৪ হাজার ৭১৮টি মামলা নিষ্পত্তি হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা  শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার জট কমাতে প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল ও রিট মোশন বেঞ্চগুলোতে গত ৭ মে থেকে পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত পুরোনো ক্রিমিনাল এবং রিট মামলা মিলিয়ে সর্বমোট ৬৭ হাজার ৩৫৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

উক্ত প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের মামলা জট কমানোর লক্ষ্যে প্রধান বিচারপতির নির্দেশনায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারব্যবস্থার গতিশীলতা বাড়ানো এবং মামলা জট সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


বিডিএলপিবি/এমএম
সূত্র: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি

আইনজীবীদের তালিকাভুক্তির লিখিত পরীক্ষা- ২০২৬  এর প্রশ্ন: Question of Enrolement Written Exam- 2026

আইনজীবীদের তালিকাভুক্তির লিখিত পরীক্ষা- ২০২৬ এর প্রশ্ন: Question of Enrolement Written Exam- 2026

ছবি: সংগৃহীত 
অদ্য ২২ আগস্ট, ২০২৬ তারিখে বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

বিস্তারিত ধারণার জন্য উক্ত পরীক্ষার প্রশ্নপত্র নিম্নে দেওয়া হল:




বিডিএলপিবি/এমএম
ঢামেকে গৃহকর্মীর মরদেহ ফেলে পালানো গৃহকর্তাসহ তিনজন কারাগারে

ঢামেকে গৃহকর্মীর মরদেহ ফেলে পালানো গৃহকর্তাসহ তিনজন কারাগারে

ছবি: সংগৃহীত 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে গৃহকর্মী মীম আক্তারের লাশ ফেলে পালানোর ঘটনায় গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। কারাগারে পাঠানো তিনজন হলেন গৃহকর্তা ফয়সাল আহমেদ (৩৫), তাঁর স্ত্রী গৃহকর্ত্রী রাহেমা খাতুন রেশমা (২৯) এবং রেশমার বাবা এ বি এম আব্দুর রাজ্জাক (৪৭)।

প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম জানান, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাহফুজা আক্তার তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর আসামিরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিনের বাসস্থান ছেড়ে ডেমরা এলাকায় আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ডেমরার বামৈল এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫ বছর বয়সী মীম প্রায় এক বছর ধরে ফয়সালের বাসায় গৃহকর্মীর কাজ করছিল। সেখানে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে পরিবারের অভিযোগ। নির্যাতনের বিষয়টি মীম তাঁর পরিবারকে জানালে তাঁকে ওই বাসা থেকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।

এর মধ্যেই গত ১২ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে মীমের লাশ ফেলে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। পরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় পুলিশ মীমের পরিচয় শনাক্ত করে।

মামলায় আরও বলা হয়েছে, ১৩ আগস্ট সকালে ফয়সাল মীমের পরিবারের সদস্যদের ফোন করে জানান, মীম বাসা থেকে টাকা-পয়সা চুরি করে অন্য এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে। পরে ১৭ আগস্ট মীমের পরিবারের সদস্যরা ফয়সালের বাসায় গেলে তাঁদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এরপর ২০ আগস্ট মীমের মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা শাহবাগ থানায় যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তাঁরা মীমের লাশ শনাক্ত করেন।

মীম কুমিল্লার বাসুদেব বাজার এলাকার ফজলু মিয়ার মেয়ে। তাঁর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার মীমের মা শাহবাগ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় ফয়সাল, তাঁর স্ত্রী রাহেমা ও তাঁর শ্বশুর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।


বিডিএলপিবি/এমএম
সূত্র: ইনকিলাব (২২.০৮.২০২৬)

দীপু মনিকে অভয় দেয়া সেই ছাত্রলীগ নেতা কারাগারে

দীপু মনিকে অভয় দেয়া সেই ছাত্রলীগ নেতা কারাগারে

ছবি: সংগৃহীত 
গুলশানের আজাদ মসজিদ এলাকায় দীপু মনির স্বামীর জানাজাকে কেন্দ্র করে স্লোগান ও অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ভৈরব উপজেলা নেতা আল রাফি প্রত্যয়কে (১৯) কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক কে এম মফিজুর রহমান। আসামিপক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিনের আবেদন করেন।

মামলায় অভিযোগসূত্রে জানা যায়, গতকাল ২০ আগস্ট দুপুরে গুলশান থানাধীন আজাদ মসজিদ সংলগ্ন এলাকায় সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামি প্রত্যয় ও তার সহযোগীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে। এ সময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আসামি প্রত্যয় গত ৭ আগস্টের গুলশান থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার সঙ্গে জড়িত। উক্ত মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা করার পরিকল্পনা এবং গোপন বৈঠকের অভিযোগ রয়েছে।

উল্লখ্য, আল রাফি প্রত্যয় ভৈরব উপজেলা ছাত্রলীগের নেতা। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকায়। বর্তমানে তিনি কাঁঠাল বাগানের এবিসি হোস্টেলে বসবাস করছিলেন।


বিডিএলপিবি/এমএমএ
সূত্র: আমার দেশ (২১.০৮.২০২৬)

২১ আগ, ২০২৬

যৌতুক ও পরকীয়ার জেরে স্ত্রী হত্যা: ৮ বছর পর মৃত্যুদণ্ড

যৌতুক ও পরকীয়ার জেরে স্ত্রী হত্যা: ৮ বছর পর মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত 
ফেনীতে পরকীয়ার জের ও যৌতুকের দাবিতে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ৮ বছর পর স্বামী একরামুল হক ওরফে চুট্টুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

​বৃহস্পতিবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর থেকেই সে পলাতক রয়েছে।

​ রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহাব উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০০৩)-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের পর থেকে রায় কার্যকর হবে বলেও জানান তিনি।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ জানুয়ারি ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার আরজিনা আক্তারের সঙ্গে একরামুল হক চুট্টুর বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই চুট্টু অন্য এক নারীর সাথে পরীয়ায় জড়িয়ে পড়লে দাম্পত্যজীবনে কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে সে স্ত্রী আরজিনার পরিবারের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে আরজিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তে থাকে। 

এরই জেরে ২০১৮ সালের ২৬ আগস্ট রাতে নির্যাতনের একপর্যায়ে আরজিনা মৃত্যুবরণ করেন। পরদিন ২৭ আগস্ট পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পারিবারিক গোরস্থানে দাফন করে। একরামুল হক চুট্টুকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে দাগনভূঞা থানায় একটি হত্যা মামলা করেন নিহত আরজিনার মামা মীর হোসেন দুলাল।


বিডিএলপিবি/এমএম
সূত্র: যুগান্তর (২০.০৮.২০২৬)

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, রাতে শপথ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, রাতে শপথ

ছবি: সংগৃহীত 
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন যুক্ত হচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। এরপরই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন বলে জানা গিয়েছে। 

সরকার ও বিএনপির সূত্রগুলো বলছে, মন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম শোনা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পড়াবেন। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী–প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সাচিং প্রু জেরী গণমাধ্যমকে বলেন, আমাকে কল করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। এটুকুই বলতে পারি।

সরকারি যানবাহন অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, তাদের কাছে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল, ছয়টি গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এখন সেখান থেকে কয়টি কাজে লাগানো হবে, সেটা মন্ত্রিপরিষদ বিভাগ বলতে পারবে।

অন্যদিকে মন্ত্রিসভায় নতুন কয়েকজন সদস্য যুক্ত হচ্ছেন কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি গণমাধ্যমকে বলেন, তিনি নিশ্চিতও করছেন না, আবার নাও করছেন না। তিনি বলেন, এ বিষয়ে তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

নতুন মন্ত্রীর তালিকায় নাম থাকা আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচিত হন। আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল নির্বাচনে অংশ নেয়। তিনি ভোলা-১ আসনের সংসদ সদস্য। সাচিং প্রু জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বান্দরবান আসন থেকে নির্বাচিত হন তিনি।  প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তারা মন্ত্রিসভার সদস্য নন।

আজ তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে হবে ৫৪। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী হবেন ২৮ জন এবং প্রতিমন্ত্রী ২৫ জন।


বিডিএলপিবি/এমএম
সূত্র: বাংলা ট্রিবিউন (২১.০৮.২০২৬)

গান গেয়ে 'ভাইরাল' ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

গান গেয়ে 'ভাইরাল' ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগ।

বৃহস্পতিবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২৪ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন এক চিঠিতে জানায়, তাশরিক-ই-হাবিবকে ২২ জুন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, সাম্প্রতিক কর্মকাণ্ড এবং একাডেমিক কমিটির সদস্যদের তাঁর সঙ্গে কাজ করতে অনাগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।

সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অধ্যাপক তাশরিক-ই-হাবিব। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী নিগার সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিদুল ইসলাম জনি ও শিহাব উদ্দিন খান।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসা অধ্যাপক তাশরিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, একাডেমিক কার্যক্রমবহির্ভূত কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে।


বিডিএলপিবি/এমএম
সূত্র: প্রথম আলো (২০.০৮.২০২৬)