২ জুন, ২০২৬

মানবতাবিরোধী অপরাধ মামলা: তদন্ত শেষ হয়নি, সময় বাড়ল

মানবতাবিরোধী অপরাধ মামলা: তদন্ত শেষ হয়নি, সময় বাড়ল


ছবি: সংগৃহীত 

মেহেরপুরে শিবির নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় বাড়ানো হয়েছে। আগামী ৯ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়ায় প্রসিকিউশনের পক্ষ থেকে আরও দুই মাস সময়ের আবেদন করা হয়। পরে নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

এর আগে, গত বছরের ২৪ আগস্ট সাইফুল হত্যা মামলায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছিল।

তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম মেহেরপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ছিলেন। ২০১৪ সালের ১৯ জানুয়ারি বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি বিচারাধীন রয়েছে।


বিডিএলপিবি/এমএম

মাদক মামলা নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও জুয়া আইন সংশোধন করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদক মামলা নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও জুয়া আইন সংশোধন করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর


ছবি: সংগৃহীত 

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ও এর আশপাশের এলাকাকে সন্ত্রাসমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই এলাকায় একটি নতুন কারাগার স্থাপন করবে সরকার। তবে এখান থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না।

রোববার (৩১ মে) দুপুরে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলীনগর-জঙ্গল সলিমপুর এলাকা আমরা পরিকল্পিত ও যৌথ অভিযানের মাধ্যমে এই এলাকাকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত করব। পাশাপাশি বেতুয়া ও চা-বাগান এলাকায়ও অভিযান চালিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে।’

তিনি আরও বলেন, সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই চারটি অপরাধকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা হবে এবং এগুলো নির্মূলের চেষ্টা চালানো হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১৮৬৭ সালের জুয়া আইনের মাধ্যমে আধুনিক অনলাইন ও অফলাইন জুয়া কিংবা বেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকসংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে হাজার হাজার মাদক মামলা বছরের পর বছর ঝুলে আছে উল্লেখ করে তিনি বলেন, নতুন আইনি কাঠামোর মাধ্যমে এসব মামলার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।

কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান আইনের কিছু সুবিধা ও ফাঁকফোকর ব্যবহার করে অনেক কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে এবং পরবর্তীতে তারা সংঘবদ্ধ সন্ত্রাসীতে পরিণত হচ্ছে। এ কারণে কিশোর অপরাধ মোকাবিলাতেও আইনি সংস্কার আনার প্রয়োজনীয়তার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা আইনি সংস্কার, পরিকল্পিত অভিযান এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশকে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজিমুক্ত করার চেষ্টা করব। এর মাধ্যমেই যুবসমাজকে রক্ষা করা সম্ভব হবে।’

উল্লেখ্য, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর হলো সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত একটি দুর্গম পাহাড়ি এলাকা। পাহাড় কাটা ও দখল করে অবৈধ বসতি গড়ে তোলার কারণে এটি বহুল আলোচিত। ভৌগোলিক অবস্থান ও দুর্গমতার কারণে এলাকাটিকে অনেকে ‘দেশের ভেতর আরেক দেশ’ বা অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আখ্যায়িত করেন।


বিডিএলপিবি/এমএম

১ জুন, ২০২৬

সুপ্রিম কোর্টের টয়লেটের পাশে মিললো এক বিচারপতির জমাদারের মরদেহ

সুপ্রিম কোর্টের টয়লেটের পাশে মিললো এক বিচারপতির জমাদারের মরদেহ


ছবি: সংগৃহীত 

সুপ্রিম কোর্টের ‘বিজয় ৭১’ ভবনের ৮ম তলার টয়লেটের পাশে গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় হাইকোর্টের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে তার নাম কামাল হোসেন। তিনি হাইকোর্টের বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন জমাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ (সোমবার) দুপুর ২ টার দিকে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। সুপ্রিম কোর্টের একাধিক কর্মকর্তা জানান, কামাল হোসেন মানসিক বিকারগ্রস্থ ছিলেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।


বিডিএলপিবি/এমএম

আমি ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা

আমি ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা

ছবিঃ সংগৃহীত

নিজ স্ত্রীকে নির্দোষ দাবি করে রামিসা আক্তার হত্যায় ‘ডলার’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মামলার আসামি সোহেল রানা। তিনি বলেন, আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার দুই লাখ টাকা দিছে। এ মামলায় চার্জ গঠনের শুনানির জন্য সোমবার (১ জুন) আদালতে তোলার সময় সাংবাদিকদের সামনে এমন দাবি করেন আসামি সোহেল রানা।

রাজবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাজবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীতে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে কয়েবটি বাস মালিককে জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যায় রাজবাড়ীর মুরগি ফার্ম এলাকায় যাত্রীদের নিকট থেকে ৫শ’ টাকার বদলে ৮শ’ টাকা করে ভাড়া আদায়ের অভিযোগে বাস মালিকদের নিকট থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাজবাড়ী সদরের মুরগি ফার্ম এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রতিটি বাস কাউন্টারে তদন্ত পূর্বক দেখা যায় বিআরটিএ নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে, সপ্তবর্ণা পরিবহন ও গোল্ডেন লাইন এবং জামান পরিবহনের নিকট থেকে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরতের নির্দেশনা প্রদান করা হয়।


সোর্স: বাসস

বিডিএলপিবি/এমএম

জজের বাসায় দুর্ধর্ষ চুরি, ধরা পড়ল সিসিক্যামেরায়

জজের বাসায় দুর্ধর্ষ চুরি, ধরা পড়ল সিসিক্যামেরায়


ছবি: সংগৃহীত 

ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের বাসায় চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ মে) ভোরে জেলা শহরের মৌলভীপাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে। জজ আমিনা ফারহিন ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বাড়িটির কেয়ারটেকার রতন মিয়া বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোরে তিনজন ব্যক্তি পেছনের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় ওঠেন। পরে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সেখানে দুটি আলমিরা ভেঙে মালামাল নিয়ে যায়। এছাড়াও অন্যান্য জিনিসপত্রও নিয়ে গেছে চোরের দল। সকালে বিষয়টি নজরে আসলে পুলিশকে অবগত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিচারক ছুটিতে থাকার সুযোগে এই ঘটনা ঘটেছে। তিনি না থাকায় চুরি হওয়া মালামালের পরিমাণ এখনই জানা যায়নি। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে।


বিডিএলপিবি/এমএম

দুই শিবির নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু আজ

দুই শিবির নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু আজ


ছবি: সংগৃহীত 

যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ।

সোমবার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন তিন আসামি। তারা হলেন- চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক। 

পলাতক আসামিরা হলেন- তৎকালীন এসপি আনিসুর রহমান, চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল।

এর আগে, ২০ এপ্রিল আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন গ্রেপ্তার আসামিরা। পরে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ৩ আগস্ট চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে একটি মিথ্যা মামলায় আটক করে পুলিশ। আদালতে হাজির না করে তাদের টানা দুই রাত নির্যাতন করা হয়। পরে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে অধীনস্থ পুলিশ সদস্যদের মাধ্যমে দুজনের পায়ে গুলি করানো হয়।

অভিযোগে আরও বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পর শিবিরের এই দুই নেতার ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে মিথ্যা মামলায় চালান দেওয়া হয়। পরবর্তীতে অস্ত্র মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এছাড়া ভুক্তভোগীদের পায়ে বালু ঢোকানোর কারণে পচন ধরে। শেষ পর্যন্ত তাদের পা কেটে ফেলতে হয়েছে।


বিডিএলপিবি/এমএম