১৯ জুল, ২০২৬

হাইকোর্টের রুল: নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ কেন নয়?

হাইকোর্টের রুল: নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ কেন নয়?

ছবি: সংগৃহীত 

নারী মরদেহের পোস্টমর্টেম করতে বাংলাদেশের পোস্টমর্টেম-সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (১৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন  পোস্টমর্টেম-সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে নারীর মরদেহের ময়নাতদন্তের জন্য নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। 

রিটে উল্লেখ করা হয়, এর আগেও দেশের সব পোস্টমর্টেম-সুবিধাসম্পন্ন হাসপাতালে অন্তত একজন করে নারী ডোম নিয়োগের আবেদন স্বাস্থ্য অধিদপ্তরে করা হয় কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। 

আবেদনে আরও বলা হয়, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি মৃত ব্যক্তির মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে নারীর মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রয়োজন। এতে মৃত নারীর পরিবারের মানসিক স্বস্তি বাড়বে এবং মরদেহের মর্যাদা রক্ষাও নিশ্চিত হবে। বর্তমান সময়ে বিভিন্ন পেশায় নারীদের অংশগ্রহণের ধারাবাহিকতায় ময়নাতদন্ত কার্যক্রমেও নারী ডোম নিয়োগ সময়োপযোগী পদক্ষেপ হবে বলে উল্লেখ করা হয়। 

রিটে উল্লেখ করা হয়, অতীতে দেশের বিভিন্ন মর্গে নারীর মরদেহের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও বিকৃত যৌনাচারের অভিযোগ উঠে এসেছে।  উদাহরণ হিসেবে ২০২৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২০২০ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দায়িত্বরত ডোমদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়া বিদেশেও একই ধরনের ঘটনার বিভিন্ন উদাহরণ উল্লেখ করা হয়।


বিডিএলপিবি/এমএম

১২ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন সাবেক এমপি এম এ লতিফের

১২ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন সাবেক এমপি এম এ লতিফের

ছবি: সংগৃহীত 

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের  সাবেক সংসদ সদস্য এম এ লতিফ ১২টি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। রবিবার (১৯ জুলাই) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে এসব জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

এর আগে ২০২৪ সালের অভ্যুত্থানের পর ১৬ আগস্ট রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেফতার করা হয়।


বিডিএলপিবি/এমএম

১৮ জুল, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি ৭ দিনের রিমান্ডে

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি ৭ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত 

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে মতিঝিল থানায় করা মামলায় গ্রেপ্তার 'শীর্ষ সন্ত্রাসী' সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শীর্ষ সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি ও তাঁর সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৮ জুলাই)  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রিমান্ডের এ আদেশ দেন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে বাপ্পি এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুলকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুইটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আজ শনিবার তাদেরকে আদালতে তোলা হয়েছিল। আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন- মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক মোমিনুর রহমান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে দিনের রিমান্ড মঞ্জুর করেছে।গত ২০ মে ইসমাইল হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলা করেন।

মামলার বিবরণে বলা হয়, ইসমাইল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি তিনি মতিঝিল থানা এলাকার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনিতে অবস্থানকালে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে কল আসে। কল রিসিভ করার পর আসামি গরুর হাটে অংশীদার হিসেবে তার মনোনীত লোককে রাখার জন্য চাপ সৃষ্টি করেন।

এ সময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি অনুযায়ী টাকা না দিলে এবং তাদের মনোনীত ব্যক্তিকে দায়িত্বে না নিলে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। তার চার দিন পর গত ১৯ মে সকাল ১০টার দিকে কোরবানির পশুর হাট-সংক্রান্ত একটি সভায় থাকা অবস্থায় তার ভাগনে হৃদয় মোবাইল ফোনে জানান, ভোরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার অফিসে গুলি চালিয়েছে।



বিডিএলপিবি/এমএম
সোর্স: বিডিনিউজ ২৪

নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলা: এক মাসে হাইকোর্টের ১০ রায়

নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলা: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ছবি: সংগৃহীত 

নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির পর গত এক মাসে ১০টি রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। দেশে নারী শিশু নির্যাতনের কয়েকটি নির্মম ঘটনার প্রেক্ষাপটে অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল শুনানির জন্য গত ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এই বেঞ্চে মামলা পরিচালনার জন্য রাষ্ট্র পক্ষের আইনজীবীদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বাধীন এই টিমের আইনজীবী সদস্যরা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক ও সৈয়দ ইজাজ কবির। সহকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবা তাসনিম আখি, মুস্তাফিজুর রহমান মুকুল, আশরাফুল আলম, রোহানী সিদ্দীকা ও আল আমীন সিদ্দিকী।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে ২০টি ডেথ রেফারেন্স ও আপিল মামলা শুনানির জন্য কার্যতালিকায় আসে। গত এক মাসে এই বেঞ্চে শুনানির পর শরীয়তপুরের স্কুলছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলা, পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলা, স্ত্রী হত্যার কয়েকটি মামলাসহ মোট ১০টি মামলার রায় ঘোষণা করা হয়।


বিডিএলপিবি/এমএম
সের্স: বাসস

দেয়াল টপকে পালালেন মহিলা কয়েদি: সাত কারারক্ষী বরখাস্ত

দেয়াল টপকে পালালেন মহিলা কয়েদি: সাত কারারক্ষী বরখাস্ত

ছবি: সংগৃহীত 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

বিষয়টি নিশ্চিত করে কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ জানান, দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি তদন্ত প্রতিবেদনে উঠে আসায় সংশ্লিষ্ট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি জানান, পলাতক বন্দিকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে ওই বন্দি পালিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কারাগার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে বিভিন্ন কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা মেট্রনের অবহেলার সুযোগে সাজাপ্রাপ্ত কয়েদি রিম্পা (২১) কারাগারের প্রশাসনিক ভবনের পাশের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তার পালানোর বিষয়টি নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ।

পলাতক রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুরা গ্রামের মো. হাসান হাবিবের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পর শুক্রবার কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


বিডিএলপিবি/এমএম

৫ জেলায় ১৮ ‘স্পেশাল মেডিয়েটর’ নিয়োগ দেবে সরকার

৫ জেলায় ১৮ ‘স্পেশাল মেডিয়েটর’ নিয়োগ দেবে সরকার

ছবি: সংগৃহীত 

দেশে সরকারি খরচে দরিদ্র ও অসচ্ছল বিচারপ্রার্থীদের মামলা দ্রুত এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিষ্পত্তির ক্ষেত্রে আইনি সহায়তা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) কার্যক্রমকে আরও গতিশীল করতে ‘স্পেশাল মেডিয়েটর’ (বিশেষ মধ্যস্থতাকারী) নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ‘বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান অধিদপ্তর’ ১৫ জুলাই জরুরি ভিত্তিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ১৫ক এবং আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ্যস্থতা) বিধিমালা, ২০১৫-এর বিধি ২৬-এর বিধান অনুযায়ী এই স্পেশাল মেডিয়েটরদের নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকভাবে দেশের ৫টি জেলার জেলা লিগ্যাল এইড অফিস ও চৌকি আদালতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার জন্য অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন আদালতে এই স্পেশাল মেডিয়েটর নিয়োগ দেওয়া হবে। উক্ত পদে আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও সাক্ষাৎকার সম্পর্কে বিস্তারিত রয়েছে নিচের বিজ্ঞপ্তিতে:




বিডিএলপিবি/এমএম

১৭ জুল, ২০২৬

৭ মাসের মেয়েকে আছড়ে হত্যা: বাবার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১ সেপ্টেম্বর

৭ মাসের মেয়েকে আছড়ে হত্যা: বাবার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১ সেপ্টেম্বর

ছবি: সংগৃহীত 

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী কন্যাশিশু রাফা মনি কবিতাকে হত্যার অভিযোগে করা মামলায় আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। শিশুটির বাবা কবির ইসলামকে এ মামলার একমাত্র আসামি করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) মামলার এজাহার আদালতে উপস্থাপন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তা গ্রহণ করেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ওই তারিখ নির্ধারণ করেন।

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সাত মাস বয়সী কন্যাশিশু কবিতা (রাফা) কে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুর মা লিমা আক্তার গনমাধ্যমকে জানান, তার স্বামী ব্যাটারিচালিত অটোরিকশা চালক। ভরণ-পোষণ ও সংসারের খরচ নিয়ে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার স্বামী তাদের সাত মাসের মেয়েকে পা ধরে তুলে মাটিতে আছড়ে মারেন বলে অভিযোগ করেন তিনি। এতে শিশুটি গুরুতর আহত হলে প্রথমে তাকে টঙ্গীর একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

লিমা আক্তার আরও জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়, আর তার স্বামীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। রাফাই ছিল তাদের একমাত্র সন্তান।


বিডিএলপিবি/এমএম