হাইকোর্ট থেকে তিন মামলায় জামিনের পর এবার যাত্রাবাড়ী থানার মো. জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন সাবেক এই মন্ত্রীকে ঢাকার আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেপ্তারের যৌক্তিকতা উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৫ মে তিনি হাইকোর্ট থেকে তিন মামলায় জামিন পেয়েছেন। পরে গত ১৪ মে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক শামীম হোসেন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই বিকেল ৩ টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পুলিশ, র্যাব ও বিজিবি গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর।
চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মারা যান জাহাঙ্গীর। এ ঘটনায় ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে অন্য আরেকটি মামলায় রাজধানী শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।