২৮ আগ, ২০২৬

রোমান্টিক নাটক ও সিনেমা নির্মাণ বন্ধের লিগ্যাল নোটিশে টেলিভিশন শিল্প সংশ্লিষ্টদের প্রতিবাদ

ছবি: সংগৃহীত 
বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে কেবলমাত্র প্রেম এবং মাত্রাতিরিক্ত রোমান্টিক কনটেন্টের ব্যাপক আধিক্য থাকায় সংস্কৃতিতে চরম সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে- এমন দাবি করে কেবল প্রেম ও রোমান্স নির্ভর সিনেমা এবং নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান।

রোমান্টিক নাটক ও সিনেমা নির্মাণ বন্ধের দাবিতে জারি হওয়া এই লিগ্যাল নোটিশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কড়া প্রতিক্রিয়া। দেশে-বিদেশে থাকা বাংলাদেশি তারকাদের পাশাপাশি সাধারণ দর্শকও এ নোটিশকে হাস্যকর দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন।

এবার আনুষ্ঠানিকভাবে এ আইনি নোটিশের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ জানিয়েছে দেশের টেলিভিশন ও অডিওভিজ্যুয়াল অঙ্গনের নির্মাতা, শিল্পী, লেখক, প্রযোজক ও কলাকুশলীদের বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশানের নিকেতনে আয়োজিত এক যৌথ উদ্যোগে প্রকাশিত প্রতিবাদলিপিতে সংশ্লিষ্ট সংগঠনগুলো জানায়, একটি নির্দিষ্ট ধারার সৃজনশীল নির্মাণ বন্ধের উদ্যোগ শিল্পীর মতপ্রকাশের স্বাধীনতা, সৃজনশীল বিকাশ এবং হাজারো মানুষের কর্মসংস্থানের জন্য উদ্বেগজনক।

প্রতিবাদলিপিতে বলা হয়, বাংলাদেশে নাটক, সিনেমা ও অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট দীর্ঘদিন ধরে দেশের সংস্কৃতি, সৃজনশীলতা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কোনো কনটেন্ট নিয়ে আপত্তি থাকলে প্রচলিত আইন ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় তার প্রতিকার সম্ভব, কিন্তু পুরো একটি ধারার নির্মাণ বন্ধের দাবি গ্রহণযোগ্য নয়।

সংগঠনগুলোর পক্ষ থেকে দায়িত্বশীল ও মানসম্মত কনটেন্ট নির্মাণের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেলিভিশন শিল্পের স্বাভাবিক কার্যক্রম, শিল্পীদের কর্মক্ষেত্র এবং সৃজনশীল স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

প্রতিবাদলিপিতে সই করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি শিহাব শাহিন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন সুমনসহ টেলিভিশন অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতারা।


বিডিএলপিবি/এমএম
সূত্র: স্টার নিউজ (২৮.০৮.২০২৬)


শেয়ার করুন

0 coment rios: