২৯ জুন, ২০২৬

সাবেক এমপি আশিকা সুলতানা ফের তিন দিনের রিমান্ডে

ছবিঃ সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সদস্য মোছা. আশিকা সুলতানাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৬ জুন) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এই আদেশ দেন।

রাজধানীর মিরপুর মডেল থানায় করা ওই মামলায় এদিন আশিকা সুলতানাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য আদালতে আসামির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মিরপুর ১১ এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুন মিরপুর ১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কতিপয় সদস্য সরকারবিরোধী মিছিল করেন। পুলিশ পৌঁছানোর আগেই তারা ব্যানার ফেলে পালিয়ে যান। পরে ভিডিও ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিল করা হয়েছিল।

ঘটনার দিনই মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় সন্দেহভাজন হিসেবে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, আশিকা সুলতানা ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এবং তিনি আওয়ামী লীগের একজন অর্থদাতা। মিছিলের পরিকল্পনা ও নেতৃত্বদানকারীদের পরিচয় জানতে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।


বিডিএলপিবি/এমএম


শেয়ার করুন

0 coment rios: