২৩ মে, ২০২৬

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন


ছবি: সংগৃহীত 

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু।

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন।

ইউসুফ হোসেন হুমায়ুন ছাত্রনেতা হিসেবে স্বাধীনতা যুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৫৪ সালে ঢাকা জিলা স্কুল থেকে মেট্রিকুলেশন, বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও আইনশাস্ত্রে ডিগ্রি লাভ করেন।

ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ১৯৬৯ সালে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস শুরু করেন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।


শেয়ার করুন

0 coment rios: