১১ মে, ২০২৬

৮০ হাজার আইনজীবীকে উন্নত প্রশিক্ষণের উদ্যোগ, জানালেন আইনমন্ত্রী


ছবি: সংগৃহীত 

দেশের আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রায় ৮০ হাজার আইনজীবীকে ধাপে ধাপে উন্নত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে একটি বিদেশি দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

রোববার (১০ মে) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত ‘ট্রান্সফরমেশন অব লিগ্যাল প্র্যাকটিস থ্রু ইমার্জিং টেকনোলজিস অ্যান্ড এআই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরুণ ব্যারিস্টাররা।

আইনমন্ত্রী বলেন, বিদেশ থেকে ইংরেজি মাধ্যমে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে দেশে ফেরা শিক্ষার্থীদের জন্য বার কাউন্সিলের বর্তমান এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতি বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। কারণ, পরীক্ষার প্রশ্ন বাংলা ভাষায় হওয়ায় অনেকেই সমস্যায় পড়ছেন। এ কারণে বিদ্যমান পদ্ধতিতে সংস্কারের প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের ব্যারিস্টার ও আইনজীবীদের মধ্যে অনেক মেধাবী তরুণ রয়েছেন। তবে এনরোলমেন্ট পরীক্ষার জটিলতার কারণে অনেকে আদালতে পেশা চালিয়ে না গিয়ে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে চাকরির দিকে ঝুঁকছেন।

মো. আসাদুজ্জামান বলেন, তরুণ আইনজীবীদের সুপ্রিম কোর্টে কাজ করার সুযোগ আরও বাড়ানো দরকার, যাতে তারা তাদের মেধা ও দক্ষতা কাজে লাগাতে পারেন।

বিচার বিভাগের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, আদালতের কোর্ট ফি ও স্ট্যাম্প বিক্রি থেকে বছরে ১৫ হাজার কোটি টাকার বেশি আয় হলেও বিচার বিভাগের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ রয়েছে মাত্র ২২০০ কোটি টাকা। বিচার বিভাগের কার্যকারিতা বাড়াতে এ খাতে আরও বরাদ্দ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ: বাসস


শেয়ার করুন

0 coment rios: