ছবিঃ সংগৃহীত
প্রায় ১৩৭ বছর পর এশিয়ার বৃহত্তম ঢাকা বার সমিতিতে চালু হয়েছে ডিজিটাল পদ্ধতিতে টাকা পরিশোধের কার্যকরী পদক্ষেপ। আইনজীবীরা মোবাইল ব্যাংকিং হিসাব বিকাশের মাধ্যমে ঘরে বসেই তাদের চাদাঁ পরিশোধ করতে পারবেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে ঢাকা আইনজীবী সমিতি কতৃক আয়োজিত ‘বিকাশের মাধ্যমে চাঁদা পরিশোধ কার্যক্রমের’ উদ্বোধন করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম।
অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান, আইনজীবীদের আগে সমিতির অফিস থেকে ব্যাংক রিসিভ নিয়ে ব্যাংকে যেয়ে টাকা জমা দিতে হতো। এখন দেশের বাইরে থাকেন বা ঘরে বসে থাকেন, আপনার হাতে বিকাশ থাকলেই টাকা জমা দিতে পারবেন। সঠিক সময়ে চাঁদা পাওয়ার মাধ্যমে সমিতির আয়ও বৃদ্ধি পাবে। এসময় আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) পক্ষে ভোট চান তিনি।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী খোরশেদ মিয়া আলম বলেন, “আজ ঢাকা আইনজীবী যুগান্তকারী প্রোগ্রাম করেছে। অ্যাপসের মাধ্যমে বাসায় বসে টাকা পরিশোধ করতে পারবেন। টাকা জমা বা বকেয়ার পরিমাণও এর মাধ্যমে জানা যাবে। ঢাকা বারের ৩৫ হাজার আইনজীবী এই সেবা পাবেন।” এসময় অন্যান্য বক্তারা বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আইনজীবীদের বাৎসরিক চাঁদার টাকা দিতে হবে না। এখন থেকে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে কোনোরকম বিড়ম্বনা ছাড়াই এই টাকা জমা দিতে পারবেন। আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এমন সেবার। সেই সেবা এবার আনুষ্ঠানিকভাবে চালু হলো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মো. শহিদুজ্জামান, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জহিরুল হাসান (মুকুল), লাইব্রেরী সম্পাদক মোসা. নার্গিস পারভীন (মুক্তি), দফতর সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. মাজহারুল ইসলাম (মারুফ), কার্যনির্বাহী সদস্য গাজী তানজিল আহমেদ, আলী মর্তুজা এবং মো. আরিফ। এসময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

0 coment rios: