২৬ আগ, ২০২৬

বিমানবন্দর থেকে গ্রেফতার দুই ভারতীয়কে কারাগারে পাঠালেন আদালত

বিমানবন্দর থেকে গ্রেফতার দুই ভারতীয়কে কারাগারে পাঠালেন আদালত

ছবি: সংগৃহীত 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে কুশ, বিদেশি মদ ও ভারতীয় শাড়ি উদ্ধারের ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কামারহাটির সানাওয়ার আলী (৩৬) ও ইমতিয়াজ আহমেদ (৩৬)।

আবেদন ও আদালতের আদেশ: তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়া শারমিন। ওই আবেদনে বলা হয়, দুই আসামিই ভারতীয় নাগরিক। তারা জামিনে মুক্তি পেলে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এবং এতে মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।

ঘটনার বিবরণ: গত ২৪ আগস্ট দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, তিন লিটার বিদেশি মদ ও ২৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এছাড়া তাদের তল্লাশি করে ভারতীয় পাসপোর্ট, ৪০০ মার্কিন ডলার, থাই বাথ ও ভারতীয় রুপি, ৪টি মোবাইল ফোন এবং দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ও ২৪(ক) ধারায় মামলাটি দায়ের করা হয়। 


বিডিএলপিবি/এমএম
সূত্র: বাংলা ট্রিবিউন (২৫.০৮.২০২৬)


সালমান শাহ হত্যা: ডনের জামিন নামঞ্জুর, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

সালমান শাহ হত্যা: ডনের জামিন নামঞ্জুর, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত 
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও দেননি আদালত। অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। এ আবেদনের ওপর শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানির সময় ডনকে আদালতে হাজির করা হবে।

জামিন আবেদন ও আদালতের আদেশ: মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত তার জামিন আবেদন খারিজ করেন। এদিন ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন করে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান। এর আগে গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতেও ডনের জামিন আবেদন বাতিল হয়েছিল।

মামলার ঘটনা: ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর পর ঘটনাটিকে প্রথমে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে এটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত ও মামলা পর্যন্ত গড়ায়। মামলাটিতে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। সর্বশেষ ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন ডন। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয় এবং ওই দিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার অন্য আসামিরা হলেন: সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।


বিডিএলপিবি/এমএম
সূত্র: প্রথম আলো (২৫.০৮.২০২৬)

একরামুল হত্যা: হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি এবং বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

একরামুল হত্যা: হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি এবং বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

কোলাজ ছবি
কক্সবাজারের টেকনাফে র‍্যাবের কথিত বন্দুকযুদ্ধে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজন পলাতক আসামির বিরুদ্ধে আদালতে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর ড. মোহাম্মদ অলি মিয়া। কারাগারে পাঠানোর নির্দেশপ্রাপ্ত চার আসামি হলেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন এবং কর্নেল আনোয়ার লতিফ খান।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব ও আশিকুর রহমানের বিরুদ্ধে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ জারি করা হয়েছে।

প্রসিকিউটর ড. অলি মিয়া জানান, চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের পাশাপাশি অবশিষ্ট সাত আসামির বিষয়ে নোটিশ জারির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে উত্থাপিত আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল। সে সময় আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা এবং তিনজনকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের কিরণতলীর একটি হোটেলের সামনে থেকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হককে তুলে নেওয়া হয়। পরবর্তীতে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ার মেরিন ড্রাইভ সড়কে র‍্যাবের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।


বিডিএলপিবি/এমএম
সূত্র: ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট (২৫.০৮.২০২৬)

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটা বন্ধে প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটা বন্ধে প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

ছবি: সংগৃহীত 
কুমিল্লার মুরাদনগরে কৃষি ও পরিবেশ রক্ষায় সুপ্রিম কোর্টে জনস্বার্থে অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদের রিট পিটিশনের নির্দেশনা বাস্তবায়নের রিপোর্ট দিতে প্রশাসনকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশ ও নির্দেশনা: সোমবার (২৪ আগস্ট) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার দ্বৈত বেঞ্চ এ রিপোর্ট দাখিলের আদেশ দেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চিঠির মাধ্যমে ইউএনও এবং এসিল্যান্ড’র প্রতি নির্দেশনায় বলা হয়েছে, উর্বর মাটি খননের ড্রেজার ও যন্ত্রপাতি জব্দ করা, অবৈধ ব্রিক ফিল্ড বন্ধ করা, ড্রেজারে ক্ষতিগ্রস্ত আবাদি জমি ও বালুর গর্ত তদন্ত করা, সময় নির্দিষ্ট করে আবাদি জমি রক্ষায় কর্মপরিকল্পনা করা, ড্রেজার, ব্রিক ফিল্ডের মাটি কাটায় ক্ষতিগ্রস্ত গর্ত পূর্বের আবাদি জমিতে ফেরাতে পদক্ষেপ নেওয়া। আদেশে কুমিল্লার জেলা প্রশাসক, কুমিল্লার পুলিশ সুপার, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি), মুরাদনগর ও বাংগরা বাজার থানার ওসিগণকে অগ্রগতি রিপোর্ট দাখিল করতে নির্দেশনা দেন।

যা বললেন রিটকারী: রিটকারী কৃষি ও পরিবেশ ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ উজ্জল জানান, বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ ২১(১), ১৬, ১৮ক, ৩২ পালনে কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার, অবৈধ ব্রিক ফিল্ড বন্ধ, কৃষি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় ব্যবহার রোধ করে খাদ্য সংকট মোকাবিলায় কৃষি রক্ষায় দীর্ঘদিন ধরে মুরাদনগরবাসীর প্রাণপণ চেষ্টা থাকলেও অসাধু ব্যবসায়ীরা কর্তৃপক্ষকে নিষ্ক্রিয় রেখে তাদের বেআইনি কর্ম চালিয়ে যাচ্ছিল। এ অবস্থার অবনতি রুখতে স্থানীয় সাংবাদিকগণ দেশবাসীর নজরে আনতে বিভিন্ন সময় রিপোর্ট করেছেন।তিনি এলাকাবাসীর মতামত নিয়ে বছরব্যাপী মুরাদনগর উপজেলার সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


বিডিএলপিবি/এমএম
সূত্র: বাসস (২৫.০৮.২০২৬)

ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা: আদালতে হাজির হতে সমন জারি

ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা: আদালতে হাজির হতে সমন জারি

শামীম হোসেন ও তুহিন রেজা/ ছবি: সংগৃহীত 
ঢাকা ক্লাবের সভাপতি শামীম হোসেনসহ আরও চারজনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করেছেন চাকরিচ্যুত এক কর্মী।মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন ক্লাবের সাবেক ‘অ্যাটেন্ডেন্ট’ আশিক মোল্লা। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়ে আসামিদের আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান।

মামলার অন্য আসামিরা: ডাইরেক্টর (ফাইন্যান্স) তুহিন রেজা, সিও ও সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ছাব্বির আহম্মেদ ও চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) ইকবাল হোসেন।

মামলার ফ্যাক্ট: মামলার বিবরণ অনুযায়ী, আশিক মোল্লা ২০১৭ সালের ২৩ নভেম্বর ঢাকা ক্লাবে ‘অ্যাটেন্ডেন্ট’ পদে যোগদান করেন, যা স্থায়ী হয় পরের বছরের ১৯ অগাস্ট। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর গত ২৬ জানুয়ারি ‘চাকরি বিধিমালা লঙ্ঘন করে’ তাকে সাময়িক বরখাস্ত রাখা হয়। এর চয় মাস বাদে ২৭ জুলাই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নোটিস পে ও বকেয়া বেতন বাবদ ৪ লাখ ৯০ হাজার টাকা পাওনা ছিল আশিক মোল্লার। পাওনা টাকা না পেয়ে বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে বাংলাদেশ শ্রম আইনের ১২৪(ক)-এর (৫) ধারায় মধ্যস্থতার আবেদন জানান। তবে আসামিরা নোটিস পেয়েও উপস্থিত না হওয়ায় শ্রম পরিদর্শক বাদীকে লিখিত ছাড়পত্র দেন।ছাড়পত্র পাওয়ার পর ১৫ অগাস্ট বাদী ঢাকা ক্লাবে গেলে আসামিরা তাকে ১ লাখ ১৬ হাজার ৯৮১ টাকার একটি চেক দেন। তবে বাকি তিন লাখ ৭৩ হাজার ১৯ টাকা অস্বীকৃতি জানান তারা। সেই টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আসামিরা আশিককে মেরে ফেলার হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।


বিডিএলপিবি/এমএম
সূত্র: বিডি নিউজ ২৪ (২৫.০৮.২০২৬)

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা হাতকাটা কাশেমকে পাঁচ দিনের রিমান্ড

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা হাতকাটা কাশেমকে পাঁচ দিনের রিমান্ড

ছবি: সংগৃহীত 
২০১৫ সালে রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তেজগাঁও শ্রমিক লীগ নেতা কাশেম ওরফে হাতকাটা কাশেমকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রিমান্ডের আবেদন ও আদালতের আদেশ: মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার বিবরণ: মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ওই সময় তার গাড়িবহরে হামলা চালানো হয়। এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট বিএনপি কর্মী বিল্লাল হোসেন তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।


বিডিএলপিবি/এমএম
সূত্র: বাসস (২৬.০৮.২০২৬)

ঢাকা মেডিকেলের অধ্যাপক ডা. আসাদুরের ওপর হামলা মামলায় আসামি জীবন রিমান্ডে

ঢাকা মেডিকেলের অধ্যাপক ডা. আসাদুরের ওপর হামলা মামলায় আসামি জীবন রিমান্ডে

ছবি: সংগৃহীত 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃত জীবন ওরফে আদিলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

রিমান্ডের আবেদন ও আদালতের আদেশ: মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার বিবরণ: মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ আগস্ট শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে মোহাম্মদপুরের নিজ বাসায় যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে বের হন অধ্যাপক মো. আসাদুর রহমান। এ সময় পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকায় আসামি জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয় জন আসামি পূর্বপরিকল্পিতভাবে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে তার সিএনজির গতিরোধ করে। আসামিরা তাকে টেনেহিঁচড়ে সিএনজি থেকে বের করে। এ সময় আসামি জীবন ওরফে আদিল তার ডান চোখে সজোরে ঘুষি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ১৮ আগস্ট রাজধানীর পল্টন থানায় ডা. মো. আসাদুর রহমান বাদি হয়ে মামলা করেন।


বিডিএলপিবি/এমএম
সূত্র: বাসস (২৫.০৮.২০২৬)