১৩ মে, ২০২৬
একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট
ছবিঃ সংগৃহীত
ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাহিদ খান পাভেলকে মারধরের ঘটনায় এফআইআর প্রত্যাহার কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
ঈদে নারীদের জন্য ট্রেনে আলাদা কামরা রাখতে হাইকোর্টের নির্দেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১২ মে) এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
আইনজীবীর তথ্যমতে, ১৮৯০ সালের রেলওয়ে আইন-এর ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার বিধান রয়েছে। এছাড়া ৫০ মাইলের বেশি পথ চলাচলকারী ট্রেনের ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার কথাও আইনে বলা হয়েছে।
তিনি জানান, আইনের এসব বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন রিট আবেদন করেন। পরে গত ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করে এ বিষয়ে কারণ জানতে চান।
বিচারাধীন ওই রুলে সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয়। আইনজীবী আজমল হোসেন খোকন বলেন, আইনে আলাদা কামরার বিধান থাকলেও তা বাস্তবে কার্যকর হয়নি। ঈদযাত্রায় নারীদের ভোগান্তি কমাতেই আদালতে এ আবেদন করা হয়েছিল।
১২ মে, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে আরো ৩ জন প্রসিকিউটর
আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর মুহম্মদ শাহাদাত হোসেন (জিপি-পিপি)স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য হাইকোর্টের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় মো. মাগফুর রহমান শেখ, সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ড. মোহাম্মদ অলি মিয়া ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ব্যারিস্টার রাফিউল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংবাদ: বাসস
আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, বাধা নেই মুক্তিতে
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীসহ আরও কয়েকজন অভিজ্ঞ আইনজীবী।
এর আগে গত ২৮ এপ্রিল যুবদলকর্মী হত্যা, রায় জালিয়াতি এবং দুদকের করা মোট পাঁচটি মামলায় আপিল বিভাগ তার জামিন বহাল রেখেছিলেন। রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশের বিরুদ্ধে আবেদন করলেও প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তা খারিজ করে দেন।
গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার হওয়া সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এগুলোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতি এবং প্লট বরাদ্দে দুর্নীতির মতো গুরুতর অভিযোগও রয়েছে। নিম্ন আদালতে এসব মামলায় জামিন না পেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
এ বি এম খায়রুল হক ২০১০ সালে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১১ সালে অবসরে যান। পরবর্তী সময়ে তিনি তিন মেয়াদে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেন। আজকের জামিন আদেশের ফলে দীর্ঘ দিন কারাগারে থাকার পর তার মুক্তি পাওয়ার পথ সুগম হলো।
মোবাইলে আসা লিংকে ক্লিক করে উধাও সাড়ে ৩ লাখ টাকা, সাইবার ট্রাইব্যুনালে মামলা
চট্টগ্রামে মোবাইলে আসা একটি খুদে বার্তার লিংকে ক্লিক করার পর এক ব্যক্তির ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সুলতান নাসির আলম।
সোমবার (১১ মে) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মো. মিজানুর রহমান মামলাটি তদন্তের জন্য পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটকে (এটিইউ) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান জানান, মামলায় অজ্ঞাতনামা হ্যাকার ও প্রতারক চক্রকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭, ১৮ ও ১৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৫ মে বাকলিয়া এলাকার বাসিন্দা সুলতান নাসির আলমের মোবাইল ফোনে অপরিচিত একটি নম্বর থেকে খুদে বার্তার মাধ্যমে একটি লিংক পাঠানো হয়। লিংকে প্রবেশ করার পর ‘AYODATE’ নামের একটি স্পাইওয়্যার বা ম্যালওয়্যার অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে তার ফোনে ইনস্টল হয়ে যায়। এরপর ফোনটি ‘সিস্টেম আপডেট’ মোডে চলে যায় এবং ডিভাইসের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যায়।
একপর্যায়ে তিনি নিজের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখেন, সেখান থেকে ধাপে ধাপে ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকে ঋণ গ্রহণসহ আরও ৬২ হাজার ৬০০ টাকা স্থানান্তর করা হয়। সব মিলিয়ে তার ৩ লাখ ৪৮ হাজার ৬৫০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এছাড়া মামলায় বলা হয়েছে, আত্মসাৎ করা অর্থের একটি অংশ মো. রকিবুল খাঁ নামের এক ব্যক্তির পূবালী ব্যাংক অ্যাকাউন্ট এবং কয়েকটি বিকাশ নম্বরে স্থানান্তর করা হয়েছে।
আইন অনুযায়ী আর কখনও ব্যাংক খাতে ফিরতে পারবেন না লুটেরারা: গভর্নর
ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ব্যাংকিং খাতকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, তারা ভবিষ্যতে আর কখনও ব্যাংক পরিচালনা বা মালিকানায় যুক্ত হতে পারবে না। পাশাপাশি একীভূত করা ব্যাংকগুলো পুনরায় আলাদা করার কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।
গভর্নর বলেন, ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা অনুযায়ী ব্যাংক লুটের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা গোষ্ঠী আর কখনও ব্যাংক খাতে ফিরে আসতে পারবে না। অতীতে যারা অনিয়ম ও অর্থ লুটপাটের মাধ্যমে এই খাতকে দুর্বল করেছে, তাদের জন্য ভবিষ্যতে ব্যাংক পরিচালনা বা মালিকানায় যুক্ত হওয়ার দরজা চিরতরে বন্ধ।
ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে যে মার্জার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেগুলো পুনরায় ভেঙে দেওয়া বা আলাদা করার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, এই একীভূতকরণ প্রক্রিয়া দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল ও কার্যকর করবে।
বাংলাদেশ ব্যাংকের এই অবস্থানকে ব্যাংক খাতে শৃঙ্খলা পুনরুদ্ধার এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।