২৩ এপ্রি, ২০২৬

ভার্চুয়াল আদালত: সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭ মামলার শুনানি, নিষ্পত্তি ১৭৭

ভার্চুয়াল আদালত: সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭ মামলার শুনানি, নিষ্পত্তি ১৭৭


ছবি: সংগৃহীত 

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগে বুধবার (২২ এপ্রিল) সর্বমোট ৭০৭টি মামলা শুনানি হয়েছে এবং ১৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (বুধবার) তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলা শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলা শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সর্বমোট ৭০৭টি মামলা শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এদিন সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ ভার্চুয়াল উপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপর হাইকোর্ট বেঞ্চগুলোর বিচারিক কার্যক্রম চলে ভার্চুয়াল মাধ্যমে। এছাড়া আজ দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত পরিচালিত হয় ভার্চুয়াল মাধ্যমে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ২০ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে আদালতে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ও সংশ্লিষ্ট বেঞ্চ হতে জানা যাবে। এই নির্দেশনা আগামী ২২ এপ্রিল হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

শামীম ওসমানসহ ১২ আসামির ডিসচার্জ শুনানি আজ

শামীম ওসমানসহ ১২ আসামির ডিসচার্জ শুনানি আজ


ছবি: সংগৃহীত 

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির ডিসচার্জ (অব্যাহতি) আবেদনের শুনানি আজ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে। 

অন্য আসামিরা হলেন- শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র। 

মামলার সব আসামিই পলাতক। তাদের হয়ে আইনি লড়াইয়ের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ আসামিদের ডিসচার্জ আবেদন নিয়ে শুনানি করবেন স্টেট ডিফেন্স আইনজীবীরা।

জাইমা রহমানকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজের শিক্ষার্থী আটক

জাইমা রহমানকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজের শিক্ষার্থী আটক


ছবি: সংগৃহীত 

ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের সঙ্গে এআই নির্মিত আপত্তিকর ছবি পোস্ট দেওয়ার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জে মো. শাকিল আহমেদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নগর ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি ছবি ও লেখা পোস্ট করেন। পোস্টে ব্যবহৃত ক্যাপশনে লেখা ছিল, ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিলো না। ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি’। পোস্টটি পরে স্ক্রিনশট আকারে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে অবহিত করা হলে দেবীগঞ্জ থানার এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি যাচাই করে এর সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।

২২ এপ্রি, ২০২৬

তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার হাফিজুর ৩ দিনের রিমান্ডে

তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার হাফিজুর ৩ দিনের রিমান্ডে

ছবিঃ সংগৃহীত

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেলে হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদে পিবিআই কুমিল্লার সদর কোর্টের বিচারকের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, তনু হত্যা মামলার আসামি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তিন দিনের রিমান্ড শেষে আসামিকে কারাগারে পাঠানো হবে।

এর আগে, গত মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জ নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেন তারিকুল ইসলাম। গ্রেপ্তারের পর বুধবার বিকেলে কুমিল্লা আদালতে তোলা হয় সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে।

গত ৬ এপ্রিল এ আলোচিত মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন। আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং চারটি সংস্থার সাত তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।

বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। তনুর বাবা-মায়ের জবানবন্দি নেয়ার প্রক্রিয়া চলছে বলে আদালত সূত্রে জানা যায়।

উল্লেখ্য, ১৯ বছর বয়সী তনু কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডে চাকরিরত ছিলেন। ২০১৬ সালের ২০শে মার্চ তনুর মৃতদেহ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়া যায়। প্রাইভেট টিউটরের কাছে এক বাসায় পড়তে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।

তনু হত্যাকান্ড সমগ্র বাংলাদেশে আলোড়ন তুলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচন্ড আলোচনা হয়। সমগ্র বাংলাদেশে শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে বিচারের দাবীতে আন্দোলন করে এবং ছাত্র ইউনিয়নের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল করে।

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরা শারমিনের মনোনয়পত্র স্থগিত

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরা শারমিনের মনোনয়পত্র স্থগিত


ছবিঃ সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিতের পর দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বুধবার (২২ এপ্রিল) এ ঘোষণা দেয় নির্বাচন কমিশন। মূলত নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার আবেদনটি গ্রহণ করেনি।

জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা না দেওয়ায় কমিশন আইনগতভাবে তার প্রার্থিতা বাতিল বা অযোগ্য ঘোষণা করেছে। 

এদিকে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। আরপিওতে প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি সংসদ সদস্য নির্বাচতি হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনও চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।

মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত?

মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত?


ছবিঃ সংগৃহীত 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল (২২ এপ্রিল) মঙ্গলবার। এদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন।

জানা গেছে, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হতেই মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে একটি আসন হাতছাড়া হতে পারে ১১ দলীয় জোটের।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কোনো চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছর পার না হলে কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এই নিয়ম সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তারা।

এক্ষেত্রে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেছেন মাত্র চার মাস আগে (ডিসেম্বর ২০২৫)। অথচ আইনি বাধ্যবাধকতা অনুযায়ী এই সময়সীমা হতে হবে ৩৬ মাস বা তিন বছর।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ে জামায়াত জোট ১৩টি আসনের বিপরীতে ১৩ জন প্রার্থীর তালিকা দিয়েছিল। যদি একজনের প্রার্থিতা বাতিল হয়, তবে ওই আসনটি সবার জন্য ‘উন্মুক্ত’ হয়ে যাবে। আর এতে লাভবান হবে ক্ষমতাসীন দল বিএনপি। যেহেতু বর্তমানে সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা বেশি।

ফলে আসনটি উন্মুক্ত হলে এবং নতুন তফসিলে ভোট হলে বিএনপি জোটের আসনসংখ্যা ৩৬ থেকে বেড়ে ৩৭ হতে পারে। আর এতে জামায়াত জোটের আসন ১৩টি থেকে কমে ১২টিতে নামতে পারে। আইনি জটিলতা নিয়ে জোট সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘মনোনয়নপত্র বাতিল হবে না বলেই আমরা বিশ্বাস করি।’

মনিরা শারমিন দাবি করেন, কৃষি ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক এবং তার পদটি রাষ্ট্রের কোনো লাভজনক পদ ছিল না। এটি সরাসরি নির্বাচন নয়, বরং দল কর্তৃক মনোনয়ন, তাই আইনের এই জায়গাটি অত গুরুত্ব দেওয়া হয় না।

২১ এপ্রি, ২০২৬

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫

ছবিঃ সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২১ এপ্রিল) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালককে সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিকেলে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। 

এর আগে সোমবার (২০ এপ্রিল) অফিস শেষে বাসায় ফেরার পথে বনানী এলাকায় জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।